ইঁদুর মারার বিষ খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
রাজধানীর শ্যামলীতে ইঁদুর মারার কাজে ব্যবহূত বিষ খেয়ে কানিজ ফাতেমা আঁখি (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে আগারগাঁও উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ত। পারিবারিক সূত্র জানায়, কানিজ ফাতেমা মা-বাবার সঙ্গে ১৮৪/১ শ্যামলী কাজী অফিসের পাশে থাকত। প্রতিদিনের মতো গত শনিবার সে স্কুলে যায়। মাথার চুল কাটিয়ে ছোট করে স্কুল থেকে সে বাসায় ফেরে। এতে মা ক্ষুব্ধ হয়ে বকুনি দেন। একপর্যায়ে সবার অজান্তে বাসায় একটি কক্ষে গিয়ে ইঁদুর মারার বিষ পান করে ফাতেমা। গোঙানির শব্দে বাসার লোকজন ছুটে গিয়ে তাকে কাতরাতে দেখে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে কানিজ ফাতেমার মা নবীনা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আঁখির পাশেই বিষের প্যাকেটটি পড়ে ছিল। সে বিষ খাবে তিনি কিছুতেই বুঝতে পারেননি। তাহলে তো বকাঝকা করতেন না। তিনি বিলাপ করে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল, এখন আমি কী নিয়ে বাঁচব।’ ফাতেমার বাবার নাম কবির মিয়া। সে মা-বাবার একমাত্র মেয়ে ছিল। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।