ইংলিশ রোড পার্ক এখন আবর্জনার পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ইংলিশ রোড পার্কটি এখন ভাগাড়। আশপাশের এলাকার মানুষ গৃহস্থালি, দোকানপাট ও কারখানার ময়লা ফেলে এই পার্কে। দেখে মনে হয় আবর্জনার পাহাড়। স্থানীয়দের কেউ কেউ চান পার্কটি আগের অবস্থায় ফিরে আসুক। স্থানীয় পঞ্চায়েত কমিটি পার্ক রক্ষার জন্য ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) মৌখিকভাবে অনুরোধ করেছে একাধিকবার। কাজ হয়নি।চিত্রা সিনেমা হলের সামনে থেকে তাঁতীবাজার মোড় পর্যন্ত ইংলিশ রোড পার্ক। সরেজমিন দেখা গেছে, ইট, বালু ও ভবনের অবশেষ ফেলার ফলে একটা টিলা তৈরি হয়েছে, উচ্চতা প্রায় ২৫ ফুট। রাস্তার এক পাশ থেকে দেখা যায় না অন্য পাশে কী হচ্ছে। ময়লা-আবর্জনায় চাপা পড়ে পার্কের অনেক গাছ মরে গেছে। পার্কের আশপাশের রাস্তা দখল করে আছে পিকআপ ভ্যান।স্থানীয় লোকজন জানান, এখানে সন্ধ্যা নামতেই পার্কে বসে অপরাধীদের আড্ডা। বিক্রি হয় মাদক। ছিনতাইকারীরা ওত পেতে বসে থাকে। এটাকে এলাকাবাসী আর পার্ক বলতে চান না।পার্ক ঘিরে মাদক ব্যবসা ও ছিনতাইকারীদের তৎপরতা বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা মো. সালাউদ্দিন বলেন, আগে অবৈধ ট্রাকস্ট্যান্ডের কারণে অনেক অপরাধ হতো। ট্রাকস্ট্যান্ড তুলে দেওয়া হয়েছে। অগের চেয়ে অবস্থা অনেক ভালো। তিনি আরও বলেন, ময়লা অপসারণের জন্য পুলিশের পক্ষ থেকে ডিসিসিকে চিঠি দেওয়া হয়েছে।ইংলিশ রোডের লোহা ব্যবসায়ী হোসেন আয়রন স্টোরের স্বত্বাধিকারী মো. হোসেন বলেন, ডিসিসি চার-পাঁচ বছরে আগে উন্নয়নের নামে পার্কে প্রথম ময়লা ফেলা শুরু করে। এর পরই স্থানীয় লোকজন ভবনের অবশেষ, ময়লা-আবর্জনা ফেলা শুরু করেন। তিনি অভিযোগ করেন, অনেক সময় ডিসিসির লোকজন লোকজনের কাছে টাকা নিয়ে এখানে ময়লা ফেলে। মালিটোলার বাসিন্দা মনু মিয়া বলেন, ‘মনে করেন এইহানে বসে আছেন, রাস্তার ওই পাড়ে কী হবার লাগছে, কোনো খবর নাই।’ তিনি বলেন, কয়েক বছর আগেও পার্কটির চারপাশে বেষ্টনী ছিল। ভেতরে শিশুদের খেলার আয়োজন ছিল। বসার জন্য বেঞ্চ ছিল। সকাল-বিকেল মানুষ হাঁটতে আসত। এখন এসবের কিছুই নেই।স্থানীয় ব্যবসায়ীরা জানান, ময়লা-আবর্জনার কারণে ইংলিশ রোড ক্রমেই ছোট হয়ে আসছে। একটু বৃষ্টি হলেই ময়লায় রাস্তা ভেসে যায়।পার্কটির উন্নয়ন, দখলদার উচ্ছেদ, পিকআপ ভ্যান সরানোর জন্য ডিসিসি ও কোতোয়ালি থানায় একাধিকবার আবেদন করেছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত সমাজকল্যাণ পরিষদ। ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেকবার ডিসিসির কাছে অবেদন করেছি, তারা সাড়া দেয়নি।’ তিনি বলেন, পার্কটি আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ না নিলে তাঁরা মানববন্ধন করবেন। এ জন্য তাঁরা পরিবেশবাদী সংগঠনগুলোরও সাহায্য চান।পার্কের বিষয়ে ডিসিসি দক্ষিণের অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘ময়লা-আবর্জনা অপসারণের জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে ডিসিসি থেকে চিঠি পাঠানো হয়েছে।’ তবে খোঁজ নিয়ে জানা গেছে, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ কোনো উদ্যোগ নেয়নি।