ইউকে শিক্ষামেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বিষয়ে তথ্য ও পরামর্শ দিতে রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ‘ইউকে শিক্ষামেলা ২০১১’। ব্রিটিশ কাউন্সিল এই মেলার আয়োজন করেছে। এটি প্রতিষ্ঠানটির ১৩তম আয়োজন।শিক্ষামেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, যুক্তরাজ্যে ভালো শিক্ষার পাশাপাশি চাকরিরও সুবিধা নিতে পারবেন শিক্ষার্থীরা। এ জন্য যাঁরা লেখাপড়া করতে যাবেন, তাঁদের অবশ্যই সেখানকার কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে। সম্প্রতি যুক্তরাজ্যে শিক্ষা ফি বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রাখতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার নিক লো বলেন, যুক্তরাজ্য শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। কারণ যুক্তরাজ্যে বাঙালিদের একটি বড় অংশ বাস করে। বর্তমান বিশ্বে নেতৃত্বদানকারী অনেকেই যুক্তরাজ্যে লেখাপড়া করেছেন বলে তিনি মন্তব্য করেন।ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল ওবিই বলেন, যুক্তরাজ্যে শিক্ষার্থীদের একটি বড় অংশ আসে এশিয়া থেকে।আয়োজকেরা জানান, মেলায় যুক্তরাজ্যের ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্নাতক, স্নাতকোত্তর ও বৃত্তির সুযোগের বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে এসব প্রতিষ্ঠানের স্টল থেকে। তা ছাড়া ব্রিটিশ কাউন্সিলের স্টলে যুক্তরাজ্যের বর্ডার এজেন্সির একজন প্রতিনিধি থাকবেন। তাঁর কাছ থেকে যুক্তরাজ্যের ভিসা-সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা যাবে। মেলায় প্রবেশমূল্য ৫০ টাকা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা চলবে। ২৯ জানুয়ারি চট্টগ্রামের হোটেল আগ্রাবাদেও শিক্ষামেলার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল।