ইউক্রেনের গমের বাজার আবার খুলতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের বেশি সময় পর পূর্ব ইউরোপীয় দেশ ইউক্রেনের গমের বাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ গম উৎপাদনকারী এই দেশটি আবারও গম রপ্তানি শুরু করতে যাচ্ছে। কাল মঙ্গলবার দুই দেশের সরকারের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। গম রপ্তানির চুক্তি করতে ইউক্রেনের কৃষিনীতি ও খাদ্যমন্ত্রী মাইকোলা পৃশিয়া ঝুয়ক একটি প্রতিনিধিদল নিয়ে তিন দিনের সফরে আজ সোমবার বাংলাদেশে আসছেন। চার সদস্যের ইউক্রেনীয় প্রতিনিধিদলটির সঙ্গে বাংলাদেশ সরকারের চারজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। কাল সন্ধ্যায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ইউক্রেনের প্রতিনিধিদলটির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। চুক্তিতে বাংলাদেশের প্রয়োজনের সময় অনুযায়ী গম রপ্তানির ব্যবস্থা থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আমদানিকালীন আন্তর্জাতিক দর অনুযায়ী গম সরবরাহ করবে ইউক্রেন। খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ২০০৭-০৮ সালে বাংলাদেশ টাকা হাতে নিয়েও আন্তর্জাতিক বাজার থেকে চাল ও গম আমদানি করতে পারেনি। তাই সরকার ইতিমধ্যে থাইল্যান্ড ও ভিয়েতনামের সঙ্গে চাল আমদানির ব্যপারে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি করেছে। ইউক্রেনের সঙ্গে গম আমদানির জন্য একই ধরনের চুক্তি হবে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি গুদামে বর্তমানে প্রায় তিন লাখ টন গম ও নয় লাখ ৭৫ হাজার টন চাল রয়েছে। গত দুই মাসের মধ্যে বিশ্ববাজারে গমের দর টনপ্রতি ১০০ থেকে ১৫০ ডলার পর্যন্ত কমেছে। সর্বশেষ টেন্ডারে সরকার প্রতি টন গম ৩০৯ ডলার করে কিনেছে। গত বছর মে মাসে তাপদাহ ও দাবানলের কারণে গমের ফলন কমে গেলে রাশিয়া ও ইউক্রেন বিশ্ববাজারে গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল। ফলে বিশ্ববাজারে গমের দাম ২০০ ডলার থেকে বেড়ে ৬০০ ডলারে ওঠে। চলতি বছর এ দুটি দেশ ছাড়াও চীন, ভারত ও কানাডায় ভালো ফলন হওয়ায় গত জুন থেকে বিশ্ববাজারে গমের দাম কমে আসে।