জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাণরসায়ন বিভাগের চিকিৎসক-কর্মীরা গতকাল বৃহস্পতিবার রোগীদের কোনো সেবা দেননি। ইউজার ফি (পরীক্ষা বা অন্য সুযোগ-সুবিধা গ্রহণের ফি) না পাওয়ার প্রতিবাদে তাঁরা সব কার্যক্রম বন্ধ রাখেন। এতে রোগীদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রাণরসায়ন বিভাগে হূদরোগীদের রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। কোনো রোগী ভর্তি হলে ওই বিভাগে পরীক্ষার মাধ্যমে সমস্যা শনাক্ত করা হয়। সরকারি ছুটির দিনেও ওই বিভাগ খোলা থাকে। গত ২২ মে বিভাগের প্রধান শরিফুন্নাহার হাসপাতালের পরিচালককে একটি চিঠি দেন। তাতে তিনি গতকাল বৌদ্ধপূর্ণিমার ছুটির দিনটিতে ‘অনিবার্য কারণে’ এ কাজ বন্ধ রাখার কথা জানান। তিনি চিঠিতে লেখেন, ‘২৭ মে ছুটির দিনে কোনো পরীক্ষা প্রাণরসায়ন ল্যাবরেটরিতে করা সম্ভব হচ্ছে না। ছুটির দিনে ল্যাবরেটরির সকল প্রকার রুটিন ও জরুরি কাজ বন্ধ থাকবে।’ শরিফুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘ইউজার ফি না পাওয়ার প্রতিবাদে ছুটির দিনে কাজ বন্ধ রাখা হয়েছে।’ গতকাল সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, ওই বিভাগের দরজায় তালা লাগানো। বিভাগে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কেউই নেই। রোগীর স্বাস্থ্যপরীক্ষার জন্য আসা সাগর প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে কয়েকবার এসেছি। আজ যে বন্ধ থাকবে, তা জানা ছিল না।’হাসপাতালের বিভিন্ন বিভাগে গিয়ে দেখা গেছে, রোগীদের স্বাস্থ্যপরীক্ষার কাগজপত্র প্রাণরসায়ন বিভাগে পাঠানো হয়নি। একাধিক নার্স প্রথম আলোকে জানান, সকালে ওই বিভাগে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো কাগজ ফেরত এসেছে। অথচ রোগীদের অবস্থা জানতে পরীক্ষাগুলো করা প্রয়োজন। পরীক্ষায় দেরি হলে তাদের শারীরিক সমস্যা হতে পারে। তাঁরা আরও জানান, রোগীদের পরীক্ষার কী করা হবে, সে ব্যাপারে কোনো নির্দেশনাও তাঁদের দেওয়া হয়নি। এ ব্যাপারে শরিফুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা ইউজার ফি পান। অথচ আমরা পাই না। এতে আমার কর্মীরা কাজে উৎসাহ পাচ্ছেন না। হাসপাতালের কর্মীদের কারণে পরিচালক এ বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন না। এ কারণে আমরা সরকারি ছুটির দিনে কাজ বন্ধ রেখেছি।’ তিনি আরও বলেন, ‘আজ আমরা কাজে যোগ দেব।’হাসপাতালের পরিচালক আবুল হোসেন খান চৌধুরী বিদেশে আছেন। ভারপ্রাপ্ত পরিচালক মাহবুব আলী প্রথম আলোকে বলেন, ‘গতকাল তাঁরা কাজ করবেন না মর্মে একটি চিঠি আগেই দিয়েছেন। আমি নিজে আজ (গতকাল) ওই বিভাগে গিয়ে ব্যাপারটি দেখেছি। তাঁরা আজ কাজে যোগ দেবেন।’