ইউনানি ও আয়ুর্বেদিক কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সব ছাত্রকে হল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার ব্যাপক ভাঙচুরের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।তবে আন্দোলনরত ছাত্ররা রাত পর্যন্ত হলের বাইরে অবস্থান করছিলেন। এ সময় তাঁরা অধ্যক্ষের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ মো. নুরুন্নবী কাফরুল থানায় অভিযোগ দায়ের করেছেন।নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক জানান, স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের সঙ্গে বেলা ১১টার দিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কলেজ কর্তৃপক্ষ আলাপ-আলোচনা করছিল। এ সময় ছাত্ররা ব্যাপক ভাঙচুর শুরু করেন। তাঁরা অধ্যক্ষসহ সব শিক্ষকের কক্ষে ঢুকে আসবাবপত্র ও কম্পিউটার ভেঙে ফেলেন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আন্দোলনরত ছাত্ররা প্রথম আলোকে জানান, তাঁরা অন্যান্য মেডিকেল কলেজের মতো শর্ত পূরণ করে কলেজটিতে ভর্তি হন। অথচ তাঁরা ডিগ্রি কলেজের মতো সনদ পান। এতে চাকরির বাজারের প্রতিযোগিতায় তাঁদের পিছিয়ে থাকতে হয়। অবিলম্বে মেডিকেল কলেজে রূপান্তর, শিক্ষকসংকটের সমাধানসহ সাত দফা দাবি জানান। চার মাস ধরে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়ে এলেও এগুলোর বাস্তবায়ন হচ্ছে না। সে কারণেই তাঁরা বিক্ষোভ করেছেন।শিক্ষকেরা বলেছেন, ছাত্রদের দাবির প্রতি কর্তৃপক্ষ সহানুভূতিশীল। সে কারণেই ছাত্রদের প্রতিনিধিসহ কলেজের অধ্যক্ষ ও সব শিক্ষক গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে কথা বলেন। মৌখিক আশ্বাসও মিলেছিল, কিন্তু ঠিক এক দিন পর নতুন করে ছাত্ররা আবার কেন ভাঙচুর চালালেন, তা বোধগম্য নয়।