ইউনিপের গ্রাহকদের অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে কথিত বহুধাপ বিপণন প্রতিষ্ঠান ইউনিপেটুইউর গ্রাহকদের পূর্বঘোষিত অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ সাতজনকে আটক করে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর গ্রাহকেরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। তাঁরা বিনিয়োগ করা টাকা ফেরত, আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া, ইউনিপের অন্য অভিযুক্তদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও বক্তব্য দেন। পরে ঘোষণা দেওয়া হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা প্রেসক্লাব প্রাঙ্গণ ছাড়বেন না। তাঁরা আমরণ অনশন কর্মসূচি পালন করবেন। গতকাল রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রাহকেরা প্রেসক্লাবের সামনে তাঁদের কর্মসূচি পালন করছিলেন।গ্রাহক আবুল আহাদ বলেন, কোম্পানিতে তাঁরা প্রায় সাড়ে ছয় লাখ গ্রাহক কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। প্রতারণার অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলার পর তিনটি ব্যাংকে থাকা কোম্পানির ৪১৯ কোটি টাকা জব্দ করা হয়েছে। এরই মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু তাঁদের টাকা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নেয়নি সরকার। গ্রাহকদের ভাষ্য, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কিছুদিন আগে তাঁদের সংগঠন ইউনিপে মেম্বারস ক্লাব লিমিটেডের পক্ষ থেকে দাবি আদায়ে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও করার ঘোষণা দেন। কিন্তু তার পরও কোনো সুরাহা না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী তাঁরা গতকাল দুপুরের দিকে ঘেরাও কর্মসূচি পালনের প্রস্তুতি নেন। সকালে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ গ্রাহক সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলসহকারে তাঁরা মিন্টো রোডে অর্থমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে থাকেন।গ্রাহকেরা বলেন, মিছিলটি রমনা পার্কের কাছাকাছি আসা মাত্র পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে মিছিলকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ সেখান থেকে মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক মইনুদ্দিন রবিনসহ সাতজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী সদস্যও রয়েছেন। কর্মসূচি পণ্ড হওয়ার পর গ্রাহকেরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। যোগাযোগ করা হলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ভিআইপি রোডে যেকোনো ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ। বিষয়টি মিছিলকারীদের বলা হলে তাঁরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ জন্য সাতজনকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের ব্যাপারে ব্যবস্থা নেবে।