ইউনিপের তিন গ্রাহক কারাগারে, চারজনের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাওয়ার সময় আটক তথাকথিত বহুধাপ (মাল্টিলেভেল) কোম্পানি ইউনিপেটুইউর তিন গ্রাহককে কারাগারে পাঠানো হয়েছে। একই সময় আটক অপর চারজন নারী গ্রাহককে জামিন দেওয়া হয়েছে।গত রোববার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে প্রায় পাঁচ শ গ্রাহক মিন্টো রোডে অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে মিছিল সহকারে যেতে থাকেন। মিছিল রমনা পার্কের পাশে ভিআইপি সড়কে এলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা ও ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। অতিরিক্ত পুলিশ এসে ধরপাকড় শুরু করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ইউনিপেটুইউর গ্রাহকদের সংগঠন ইউনিপে মেম্বার্স ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনসহ সাতজনকে আটক করে। এর মধ্যে চারজন নারীও ছিলেন। পরে গ্রাহকেরা প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পুলিশের ওপর হামলা করায় ওই সাতজনকে আটক করা হয়েছে। একই অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করার পর ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তিনজনকে কারাগারে পাঠান ও চারজনের জামিন মঞ্জুর করেন। ইউনিপে মেম্বার্স ক্লাব লিমিটেডের সভাপতি সরোয়ার মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘ওই তিনজনকে মুক্ত করতে আমরা আইনি প্রক্রিয়া চালাব।’