ইউনিভার্সাল ইমপোর্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার দায়ে গতকাল বুধবার একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সাল ইমপোর্ট নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। প্রতিষ্ঠানটি আমদানি করা ‘ট্রিট ব্লেড’ এবং ‘শান’ মিশ্র মসলা প্রায় ১২ বছর ধরে বাজারজাত করে আসছিল। বিএসটিআইয়ের তালিকায় যে ১৫৪টি অত্যাবশ্যকীয় পণ্য রয়েছে, এর মধ্যে এই দুটি পণ্যও রয়েছে। প্রসঙ্গত, অত্যাবশ্যকীয় পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বাজারজাত করা আইনত দণ্ডনীয়। অভিযানে প্রায় ছয় লাখ টাকার মালামাল বাজেয়াপ্ত করা হয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করে দেওয়া হয়।ইউনিভার্সালের বিপণন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘পণ্য দুটি যে অত্যাবশ্যকীয়, তা আমরা জানতাম না।’বিএসটিআই, ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।