ইউরোপে মানব পাচারকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপে মানব পাচারকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
ছবি : সংগৃহীত

মাদারীপুরের দুই ব্যক্তিকে লিবিয়া হয়ে ইউরোপে পাঠানোর কথা বলে তাঁদের স্বজনদের কাছ থেকে আট লাখ টাকা করে নিয়েছিলেন মানব পাচারকারী চক্রের সদস্যরা। কিন্তু দীর্ঘদিন তাঁদের খোঁজ নেই। ওই তথ্যের ভিত্তিতে র‍্যাব অনুসন্ধানে নেমে লিবিয়া ও ইউরোপে মানব পাচারকারী ‘রুবেল সিন্ডিকেট’–এর সন্ধান পায়।

গতকাল শনিবার রাতে র‍্যাব ঢাকা, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে এই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া চক্রের অন্য সদস্যরা হলেন মো. আশিক (২৫), আজিজুল হক (৩৫), মিজানুর রহমান (৪৩), নাজমুল হুদা (৩১), সিমা আক্তার (২৩), হেলেনা বেগম (৪২) ও পলি আক্তার (৪৩)। তাঁদের কাছ থেকে ১৭টি চেক বই, ১৪টি বিভিন্ন ব্যাংকের ২টি এটিএম কার্ড, ১৫টি বিভিন্ন ব্যাংকে জমা দেওয়ার বই, দুটি হিসাব নথি, দুটি জাতীয় পরিচয়পত্র, ১০টি মুঠোফোন ও ৫৬ হাজার ৬৭০ টাকা। র‍্যাব বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আশিক ‘রুবেল সিন্ডিকেটের’ প্রধান সমন্বয়ক।

আজ দুপুরে গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যদের বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার চক্রের সদস্যরা মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা থেকে মানব পাচার করে আসছিলেন। এ নিয়ে ৭০-৮০ জনকে পাচার করেছে। তাদের মধ্যে ১১ জন নিখোঁজ রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তার চক্রের সদস্যরা। তারা কোথায় আছে, তা–ও তাঁরা জানেন না বলে দাবি চক্রের সদস্যদের। চক্রের সদস্যরা ইউরোপে পাঠানোর জন্য আট লাখ এবং লিবিয়ায় পাঠানোর জন্য চার-পাঁচ লাখ টাকা করে নিতেন।

র‍্যাব পরিচালক খন্দকার আল মঈন বলেন, লিবিয়া-ইউরোপে পাচার চক্রের প্রধান রুবেল ২০১৭ সালে লিবিয়ায় যান। সেখানে গাজী, কাজী ও বাবুল নামে তিনটি পাচার চক্র গড়ে তোলেন। গত ২৮-২৯ জুন অবৈধভাবে বোটে ইউরোপে যাওয়ার ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৩ জন নিখোঁজ বা নিহত হন। তিউনিসিয়ার উপকূল থেকে বিধ্বস্ত নৌকা থেকে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন। আজও ৪৯ বাংলাদেশি উদ্ধারের খবর বেরিয়েছে।