ইউল্যাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে অধ্যাপক রফিকুল ইসলাম ও তপতী রানী সরকার সংকলিত সহস্রাব্দের বাংলা ভাষা ও সাহিত্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ইউল্যাবের সংস্কৃতি সংসদ দল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি পরিবেশন করে। এরপর ইউল্যাবের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। ভাষা আন্দোলনের সময় তাঁর তোলা কিছু ছবির গল্প তিনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ইউল্যাব আয়োজিত বাংলা বানান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান, বোর্ড অব ট্রাস্টি সহসভাপতি অধ্যাপক কাজী আনিস আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে সকালে ইউল্যাব গ্রন্থাগারের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। প্রদর্শনীর বেশির ভাগ ছবি অধ্যাপক রফিকুল ইসলামের তোলা। বিজ্ঞপ্তি