ইউসিবিএলের ৪ কর্মকর্তা চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ কোটি ৪৮ লাখ টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) গুলশান শাখার চার কর্মকর্তার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ এ আদেশ দেন। ব্যাংকের ওই চার কর্মকর্তা হলেন সহকারী ভাইস প্রেসিডেন্ট নাহিদুল হক, নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন, জ্যেষ্ঠ দুই কর্মকর্তা মারুফ হায়দার ও শহীদুল্লাহ।পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার শাহ নেওয়াজ খালেদ প্রথম আলোকে জানান, ব্যাংকের তদন্তে ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় ওই চার কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর ব্যাংক তাঁদের বিরুদ্ধে মামলা করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।গতকাল মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মাহবুব আলম আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন। তিনি ওই চারজনকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করেন। গত রোববার প্রতারণা ও আত্মসাতের অভিযোগে ইউসিবিএলের গুলশান শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু আবদুল্লাহ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন।