ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা
২২ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপদ যাতায়াত এবং সুষ্ঠু যানবাহন চলাচলের জন্য ঢাকা মহানগর পুলিশ ও গাজীপুর জেলা পুলিশ আগামী শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার আখেরি মোনাজাতের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে।এ সময় ধৌড় ব্রিজ থেকে আবদুল্লাহপুর হয়ে প্রগতি সরণি এবং টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে (বিমানযাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া)। ঘোড়াশাল থেকে কালিগঞ্জ-পুবাইল হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্বে মারকুল পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী সাধারণ যানবাহনগুলোকে ওই রাস্তা পরিহার করে কাঁচপুর/যাত্রাবাড়ী সড়কে চলাচল করতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজতেমা মাঠে যাওয়ার জন্য মুসল্লি, উত্তরার অধিবাসী, বিমানযাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর গাড়ি এবং অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহন চালককে বিমানবন্দর সড়কের বিকল্প হিসেবে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে হবে। ঢাকা মহানগর থেকে যেসব মুসল্লি হেঁটে ইজতেমা মাঠে যাবেন তাঁদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর-আজমপুর-আবদুল্লাহপুর হয়ে তুরাগ নদের ওপর নির্মিত আটটি বেইলি সেতু অথবা কামারপাড়া সেতু দিয়ে ইজতেমাস্থলে যাতায়াত করতে হবে।মুসল্লিদের যানবাহন পার্কিংয়ের জন্য ঢাকা মহানগর এলাকায় কয়েকটি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ পার্কিংয়ের জন্য নিকুঞ্জ-১ ও বনরূপা আবাসিক এলাকার খালি জায়গা; সিলেট বিভাগের জন্য উত্তরা ৬ নম্বর সেক্টরের রাজউক কলেজের সামনের মাঠের কিছু অংশ এবং রাস্তার উভয় পাশ; বরিশাল বিভাগের জন্য উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির দুই পাশ এবং আশুলিয়া ধৌড় ব্রিজ ক্রসিংসংলগ্ন স্থান; ঢাকা বিভাগের জন্য উত্তরা ৯ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথসংলগ্ন স্থান; চট্টগ্রাম বিভাগের জন্য উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম রোড ও গরীবে নেওয়াজ রোডের দুই পাশ; খুলনা বিভাগের জন্য উত্তরা ১০ ও ১১ নম্বর সেক্টরের রাস্তার দুই পাশ এবং আশুলিয়া ধৌড় ব্রিজ ক্রসিংসংলগ্ন স্থান এবং রাজশাহী বিভাগের জন্য কামারপাড়া হাউজিং মাঠ ও উত্তরা ১০ নম্বর সেক্টরের খালি জায়গা।গাজীপুর জেলার চান্দনা হাইস্কুল মাঠ, নেভি সিগারেট ফ্যাক্টরিসংলগ্ন স্থান, কাদেরিয়া টেক্সটাইল মিল প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকা, মেঘনা টেক্সটাইল মিলসংলগ্ন রাস্তার দুই পাশ, সফিউদ্দিন সরকার একাডেমি মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং জয়দেবপুর চৌরাস্তা ট্রাক টার্মিনালে গাড়ি পার্কিং করা যাবে। ঢাকা জেলার মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য আশুলিয়া কলেজ মাঠ এবং আশুলিয়া হাইস্কুল মাঠ নির্ধারণ করা হয়েছে।