ইজতেমার বাস উল্টে বৃদ্ধ নিহত আহত ৪০
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে বাসায় ফেরার পথে প্রাণ হারালেন বৃদ্ধ আবদুর রব ভাণ্ডারী (৬৫)। গতকাল রোববার দুপুরে রাজধানীর পল্লবী থানার বিরুলিয়া সেতুর কাছে বাস উল্টে তাঁর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও ৪০ জন আহত হন। যাত্রীবোঝাই বাসটি ইজতেমা থেকে মুসল্লি নিয়ে মিরপুর মাজার রোডের দিকে যাচ্ছিল। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গতকাল দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে মুসল্লিরা আনন্দ পরিবহনের একটি বাসে ওঠেন। বেলা দুইটার দিকে বাসটি আশুলিয়া হয়ে মিরপুর মাজার রোডে ফেরার পথে বিরুলিয়া সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বৃদ্ধ রব ভাণ্ডারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও অন্তত ৪০ জন। খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে যান, তবে পুলিশ বাসটি আটক করেছে। নিহত বৃদ্ধের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুরে। তিনি সপরিবারে মিরপুরের মনিপুরে থাকতেন। এদিকে গতকাল বেলা দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশের চত্বরে বেপরোয়া গতির একটি বাসের চাপায় হান্নান (১৪) নামের এক কিশোর মারা যায়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।