ইটভাটার জন্য কৃষিজমির মাটি ব্যবহার নিষিদ্ধের দাবি
ইটভাটার জন্য কৃষিজমি খনন করে তোলা মাটি ব্যবহার নিষিদ্ধের দাবি উঠেছে। পরিবেশবাদী ছাত্র-যুব সংগঠন গ্রিন ভয়েস আয়োজিত সমাবেশে এ দাবি ওঠে। আজ সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়। ‘সুন্দরবন দিবস পালন ও ফসলি কৃষিজমির উর্বরতা ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলনের মহোৎসব বন্ধ করার’ দাবিতে আয়োজিত হয় এ সমাবেশ।
সমাবেশে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য রুহিন হোসেন বলেন, ‘আইলা-সিডর থেকে সুন্দরবন দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষকে রক্ষা করেছে। আর এই বন ধ্বংসে সরকার ব্যস্ত। ফসলি জমি রক্ষায় ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ভূমি ব্যবহারবিষয়ক পরিকল্পনা তৈরি করতে হবে।’
নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে উত্তোলন করার কাজে রাজনৈতিক ক্ষমতাবান, স্থানীয় টাউট ও প্রভাবশালীদের এক শক্তিমান সিন্ডিকেট গড়ে উঠেছে। ভারী ও সড়ক বিনষ্টকারী ভেকু বা খননযন্ত্র, হাজার হাজার মাটিভর্তি ট্রাকের অবাধ চলাচল গ্রামীণ সড়ক ব্যবস্থাকেও বিপন্ন করে তুলেছে।
নিরাপদ নৌ আন্দোলনের চেয়ারম্যান আমিনুর রসুল বলেন, জাতীয় ভূমি ব্যবহার নীতি, ২০০১–এ পরিষ্কারভাবে বলা আছে, উর্বর কৃষিজমি ব্যক্তিমালিকানাধীন নির্মাণ, গৃহায়ণ, ইটের ভাটা তৈরি ইত্যাদির জন্য ব্যবহার করা যাবে না। তবে এ নীতিমালার কোনো কথাই কেউই গ্রাহ্য করছে না।
সমাবেশে সভাপতিত্ব করেন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। গ্রিন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবির অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য দেন গ্রিন ভয়েসের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক শাকিল কবির, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুল ও ইশরাত জাহান, খুলনা বিভাগের সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।