ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান
একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সিদ্ধান্ত নিয়ে গতকাল বুধবার অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন। কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, তথ্য গোপন করে বিদেশি কোম্পানি সিটিকর্পের নামে থাকা ইটিভির শেয়ার হস্তান্তরের টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানোর তথ্য রয়েছে দুদকের কাছে। এ ছাড়া ইটিভির স্থানীয় শেয়ার হোল্ডারদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা না দিয়ে তিনি নিজের লোকদের নামে শেয়ার হস্তান্তর করিয়ে নেন। সম্প্রতি সুনির্দিষ্ট এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের উপপরিচালক মো. সামছুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা ও পরিচালক নুর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম প্রায় এক বছর ধরে কারাগারে। গত বছরের ৪ জানুয়ারি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচারের এক দিন পর ৬ জানুয়ারি ভোরে আবদুস সালামকে আটক করে পুলিশ।