ইডেন কলেজ সম্পর্কে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি
ইডেন মহিলা কলেজের ছাত্রীদের জড়িয়ে ৪ এপ্রিল জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদক। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, বিরোধীদলীয় নেত্রী রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্যই এ অসত্য বক্তব্য দিয়েছেন। তাঁরা এ বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানান।গতকাল কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী ও শিক্ষক পরিষদের সম্পাদক হোসনে আরার সই করা বক্তব্যে বলা হয়, ইডেন মহিলা কলেজ নারীর উচ্চশিক্ষায় বিশেষ অবদান রেখে চলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনায় কলেজের সুনাম নষ্ট হয়েছে। গত ১৩ মার্চ থেকে কলেজে ভর্তি ও হোস্টেলের সিট বরাদ্দ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সত্য নয়। নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের যোগসাজশ ও আর্থিক সহায়তায় কিছু ছাত্রী কলেজে বিশৃঙ্খলা তৈরি করেছিলেন। এর পেছনে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া ব্যাহত করার অপপ্রয়াস ছিল বলে তাঁরা মনে করেন। বিজ্ঞপ্তি।