ইডেন কলেজে ছাত্রীদের কর্মসূচিতে পুলিশের বাধা, সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজের ১০ থেকে ১২ জন ছাত্রীকে পুলিশ লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকের হাতে ইডেন কলেজের একজন ছাত্রী নিপীড়নের প্রতিবাদে আয়োজন করা কর্মসূচি পালন করতে গিয়ে তাঁরা লাঞ্ছিত হন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। ৯ মে ধানমন্ডিতে একজন চিকিৎসকের চেম্বারে গিয়ে ইডেন কলেজের এক ছাত্রী নিপীড়নের শিকার হন। এর প্রতিবাদে ওই কলেজের ছাত্রীরা আন্দোলন করে আসছেন।অন্য দিকে চিকিৎসকদের প্রায় সব সংগঠন একযোগে দাবি করে আসছে, ছাত্রীটি সিরিয়াল না মেনে ওই চেম্বারে ঢুকে পড়ায় ওই চিকিৎসক তাঁকে নিয়ম মানার পরামর্শ দিয়েছিলেন। এ ঘটনার পর ছাত্রীটির বন্ধুরা ওই চিকিৎসককে অপহরণ করে বাইরে নিয়ে মারধর করে। এদিকে গতকাল ইডেন কলেজের সামনে আয়োজিত ছাত্রীদের সমাবেশ থেকে পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং মাইক বন্ধ করে সমাবেশ পণ্ড করে দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুরুষ পুলিশদের কলেজ থেকে বের করে দেওয়ার জন্য তাঁরা কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কাজ হয়নি। ঘটনার সময় মহিলা পুলিশ সদস্যরা নীরব ছিলেন। লালবাগ থানার উপপরিদর্শক ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, সমাবেশে ছাত্রী লাঞ্ছনার কোনো ঘটনা ঘটেনি। অনুমতি না থাকায় ক্যাম্পাসে মাইক ব্যবহারে বাধা দেওয়া হয়েছে মাত্র।অধ্যক্ষের বক্তব্য: গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘ইডেন কলেজের ছাত্রীর যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি’ শিরোনামে প্রকাশিত খবরের কিছু তথ্যের প্রতিবাদ করেছেন ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী। তিনি বলেন, কিছু ছাত্রীর পক্ষ থেকে তোলা অভিযোগ সঠিক নয়। কারণ, কলেজে সুসজ্জিত মেডিকেল কেন্দ্র রয়েছে। তিনজন মহিলা চিকিৎসক ছাত্রীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন। অধ্যক্ষ জানান, সম্মান তৃতীয় বর্ষের ওই ছাত্রী ইডেন কলেজ থেকে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে ঢাকা কলেজ পরীক্ষাকেন্দ্রে নিয়মিত ও নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে। তাই তাকে বাধা দেওয়া বা ভয়ভীতি দেখানোর প্রশ্নই ওঠে না।