ইডেন কলেজের ছাত্রীর যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি
ইডেন কলেজের ছাত্রীর যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী চিকিৎসককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। তাঁরা দাবি আদায়ে পাঁচ দফা কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে চিকিৎসকের বিচারের দাবিতে স্বাক্ষর গ্রহণ, ২ জুন কলেজ ক্যাম্পাসে ছাত্রসভা এবং ৫ জুন স্বাক্ষরসহ স্বরাষ্ট্রমন্ত্রী ও কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কলেজের ভেতরে হেলথ সেন্টার চালু করা, নিপীড়িত শিক্ষার্থীর ওপর প্রশাসনিক হয়রানির বিচার এবং ইডেন কলেজে যৌন নিপীড়নবিরোধী অভিযোগ সেল গঠন ও নীতিমালা বাস্তবায়নের দাবি জানান। সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৯ মে কলেজের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রী শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের কাছে যান। ওই চিকিৎসকের কাছে তিনি যৌন নিপীড়নের শিকার হন। অথচ উল্টো চিকিৎসকের ভাই অপহরণ ও ছিনতাইয়ের মামলা করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হয়রানির শিকার হওয়ার পর কলেজ প্রশাসন ছাত্রীকে কোনো সহযোগিতা করছে না। বরং ১৩ মে তাঁর হলের সিট বাতিল করা হয়েছে। তাঁকে পরীক্ষায় অংশগ্রহণ না করতে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।