ইতিবাচক পরিবর্তনের আহ্বানে শেষ হলো যুক্তির প্রতিযোগিতা
‘মানবতার শক্তিতে পরাজিত হোক সন্ত্রাস/জয়ী হোক শান্তি, সম্প্রীতি, ভালোবাসা’ স্লোগানে ১৯ জানুয়ারি শুরু হয়েছিল যুক্তির এই প্রতিযোগিতা। নামকরণ করা হয়েছিল ‘স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১০’। বিজয়ীদের নাম ঘোষণা ও তাদের পুরস্কৃত করার মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হলো যুক্তির লড়াই অনুষ্ঠান। সমাপনী দিনে সব অতিথি তাঁদের বক্তব্যে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানালেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলগুলো হচ্ছে: শিশু পর্যায়ে ভিডিসি-কনিস্ক, আন্তস্কুল পর্যায়ে আইডিসি-২, কলেজ পর্যায়ে ভিডিসি-প্রজ্ঞা ও ক্লাব পর্যায়ে গ্রুপ অব ডিবেটরস-আবির। শিশু বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে ভিডিসির সুমাইয়াতুল আহসান, স্কুল বারোয়ারিতে প্রথম জোসেফাইট ডিবেটিং ক্লাবের শৌভিক কুণ্ডু, কলেজ বারোয়ারিতে প্রথম রায়হান ফেরদৌস ও ক্লাব বারোয়ারিতে প্রথম জিওডির নাজমুল হোসেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি রাশেদ খান মেনন। শুরুতে স্বাগত বক্তব্য দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্লাব মডারেটর শাবনাম সিলভিয়া খান। এরপর ভিকারুননিসা ডিবেটিং ক্লাবের সভাপতি মোশফেকা করিম ক্লাব বিবরণী পেশ করেন। রাশেদ খান মেনন বলেন, তর্ক তখনই বিতর্ক হয়ে ওঠে, যখন তাতে যুক্তি আর তথ্য থাকে। বিতর্কে উত্তরণের মধ্য দিয়ে নিজেদের মনমানসিকতার বিকাশ ঘটানো সম্ভব।বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, ‘সবাই তর্ক করতে পারলেও বিতর্ক করতে পারে না। যুক্তিতর্ক দিয়ে আমাদের মেধার বিকাশ ঘটিয়ে সমাজে ইতিবাচক বদল আনতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন কোহিনূর কেমিক্যাল বাংলাদেশ লিমিটেডের পরিচালক করপোরেট অ্যাফেয়ার্স এম এ খায়ের। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির অন্য সদস্যরা ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম।আলোচনা পর্ব শেষে অতিথিরা ভিকারুননিসা ডিবেটিং ক্লাবের মুখপত্র সূনৃত-এর মোড়ক উন্মোচন করেন। সবশেষে বিজয়ীদের নাম ঘোষণা এবং ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। শিশু পর্যায়ে রানার্সআপ আইডিয়াল ডিবেটিং ক্লাব—১ এবং শ্রেষ্ঠ বক্তা—ভিডিসির সুমাইয়াতুল আহসান। আন্তস্কুল পর্যায়ে রানার্সআপ মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়—প্রকর্ষ এবং শ্রেষ্ঠ বক্তা এমজিবিএসের খন্দকার মুশফিকুর রহমান। কলেজ পর্যায়ে রানার্সআপ ভিডিসি—পারমিতা এবং শ্রেষ্ঠ বক্তা ভিডিসি প্রজ্ঞার সাদিয়া সাইদ তামান্না। ক্লাব পর্যায়ে রানার্সআপ গ্রুপ অব ডিবেটরস—শাহান এবং শ্রেষ্ঠ বক্তা আবিরের অভিষেক জামান।শিশু বারোয়ারি বিতর্কে দ্বিতীয় আইডিসির ইশরাত মাহজাবিন কামরুল এবং তৃতীয় ভিডিসির আনিকা তামান্না মেধা। স্কুল বারোয়ারিতে দ্বিতীয় আইডিসির খান অনিক রহমান ও তৃতীয় ডিসিএলের মীম আরাফাত মানব। কলেজ বারোয়ারিতে সাকিব বিন রশীদ দ্বিতীয় ও সাফায়াত খান তৃতীয় হয়েছে। ক্লাব বারোয়ারিতে দ্বিতীয় জিওডির অভিষেক জামান ও তৃতীয় জুনানজিনা আহমেদ। প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ছিল এবিসি রেডিও।