বিমানবন্দরে যাত্রী হয়রানির ঘটনায় হাইকোর্টের একটি বেঞ্চ ইতিহাদ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার আশরাফুল কবিরকে আগামী ১৭ আগস্ট আবার হাজির হতে বলেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে বাংলাদেশি দুই নাগরিককে নির্যাতন ও হয়রানির অভিযোগে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ জুলাই হাইকোর্ট ইতিহাদ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজারকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। গতকাল সকালে কান্ট্রি ম্যানেজার আশরাফুল কবির আদালতে হাজির হন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৮ জুন আবুধাবি বিমানবন্দরে ইতিহাদ এয়ারলাইনসের কর্মকর্তারা টিকিট থাকা সত্ত্বেও তানজিন বৃষ্টি ও তাঁর মাকে টরন্টো যেতে দেননি। তাঁরা এই দুজনকে প্রায় ১০ ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখে দেশে ফিরে আসতে বাধ্য করেন। এর প্রতিকার চেয়ে তানজিন বৃষ্টি হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর ১৪ জুলাই রুল জারি করেন আদালত। আদালতে আশরাফুল কবিরের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম ছিদ্দিকুর রহমান খান। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, কান্ট্রি ম্যানেজার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন। তবে আদালত তাঁকে অব্যাহতি দেননি। এ বি এম ছিদ্দিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি আবুধাবির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদনে তিনি তাঁর নেওয়া সব পদক্ষেপ তুলে ধরেন। আদালত ১৭ আগস্ট আবার তাঁকে হাজির হতে বলেন। আদালত এ সময় পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো তাঁকে জানাতে বলেছেন।