ইনস্টিটিউট করার দাবিতে ছাত্রীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকা অবরোধ করেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল বেলা পৌনে ১১টা থেকে অবরোধ শুরু হয়। ছবিটি নীলক্ষেত মোড় থেকে তোলা l প্রথম আলো
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকা অবরোধ করেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল বেলা পৌনে ১১টা থেকে অবরোধ শুরু হয়। ছবিটি নীলক্ষেত মোড় থেকে তোলা l প্রথম আলো

রাজধানীর আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেছেন কলেজের ছাত্রীরা। গতকাল সোমবার দুপুরে তাঁরা তিন ঘণ্টার বেশি সময় নীলক্ষেত-নিউমার্কেট মোড় অবরোধ করে রাখেন।

ছাত্রীদের অবস্থানের কারণে নীলক্ষেত মোড় দিয়ে মিরপুর-আজিমপুর রোডের সব গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি ও এলিফ্যান্ট রোড এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বেলা পৌনে ১১টার দিকে কলেজসংলগ্ন নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে অবস্থান নেন দুই শতাধিক ছাত্রী। পরে আরও তিন শতাধিক ছাত্রী তাঁদের সঙ্গে যোগ দেন। ক্লাস-পরীক্ষা বর্জন করে তাঁরা অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দেন।

পোস্টার আর ব্যানার হাতে আর ছাতা মাথায় চৌরাস্তার চারপাশে সারি করে রাস্তায় বসে যান ছাত্রীরা। তাঁরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

ছাত্রীদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছয় মাস তাঁদের আন্দোলন স্থগিত ছিল। কিন্তু এত দিনেও তাঁদের দাবি পূরণে কোনো দৃশ্যমান পদক্ষেপ না হওয়ায় পুনরায় তাঁরা আন্দোলনে নেমেছেন। ছাত্রীরা বলেন, কলেজের শিক্ষকেরা ছাত্রীদের আশ্বস্ত করেছিলেন যে, তাঁরা মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কথা বলবেন। কিন্তু এত দিনেও কোনো অগ্রগতি হয়নি।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া প্রথম আলোকে বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করায় প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর আন্দোলনের বিষয়ে শিক্ষকদের কিছু করার নেই। শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের কাছে কিছু জানতে চায়, তাহলে বলতে পারি। এ বিষয়টি আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।’

বেলা সোয়া একটার দিকে লালবাগ জোনের ডিসি মো. ইব্রাহীম খান ছাত্রীদের জনদুর্ভোগের কথা বলে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন। তিনি সাংবাদিকদের বলেন, নিউমার্কেট মোড়ের মতো গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। অনেকে ওই সময় ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পারেননি। এ বিষয়টি বুঝিয়ে বলার পর তাঁরা অবরোধ তুলে নেন।

বেলা পৌনে দুইটার দিকে ছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আজিমপুর, পলাশী হয়ে আবার নীলক্ষেতে ফিরে আসে। সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ইশরাত জাহান।

ইশরাত বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই এভাবে তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন। অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন চলতে থাকবে। আজ মঙ্গলবার আবারও রাস্তা অবরোধ করা হবে।

কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গত বছর সেপ্টেম্বরে আন্দোলন শুরু করেন ছাত্রীরা। ২১ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তাঁরা। ৪ অক্টোবর নীলক্ষেত মোড় অবরোধ করলে শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দেন। পরে শিক্ষাসচিবের নেতৃত্বে একটি কমিটি করে দেন শিক্ষামন্ত্রী। কিন্তু ছয় মাসেও সেই প্রতিবেদন না আসায় গত শনিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন।