ইন্টারনেট-সেবা বন্ধে অনড় আইএসপিএবি
আগামীকাল মঙ্গলবার দেশজুড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইন্টারনেট-সেবা বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে ইন্টারনেটের সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলো। দুই বিদ্যুৎ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো গত শুক্রবার প্রধান রাস্তার তার অপসারণের সময় ভুল করে শাখা সড়কগুলোর সংযোগ কেটে দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।গতকাল রোববার রাজধানীর গুলশানে নিজেদের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ধর্মঘটের বিষয়ে অনড় থাকার সিদ্ধান্ত নেয় আইএসপিএবি। পরে সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংগঠনের নেতাদের টানা তিন ঘণ্টা বৈঠকও ফলপ্রসূ হয়নি।বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ আজ সোমবারের মধ্যেই আইএসপি ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন।আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান প্রথম আলোকে জানান, মঙ্গলবার এক ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেবেন তাঁরা। তিনি বলেন, বারবার ডিপিডিসি ও ডেসকোর এ ধরনের ভুলে আইএসপি প্রতিষ্ঠান ও গ্রাহকদের ভোগান্তির সীমা নেই। কাজ শেষ করায় অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার দায়ভার ব্যবসায়ীরা কেন নেবে?