ইন্টারন্যাশনাল ক্লাবের একাংশ ভেঙে ফেলেছে রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ইন্টারন্যাশনাল ক্লাবের (আইসি ক্লাব) একটি অংশ গতকাল বুধবার ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানকারী দলের নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট রুকন-উদ-দৌলা। এ সময় ক্লাব কর্তৃপক্ষ, অভিযোগকারী বাড়ির মালিক ও গুলশান থানার পুলিশ উপস্থিত ছিল। ক্লাব কর্তৃপক্ষ বলেছে, এ বিষয়ে আদালতে একটি মামলা শুনানির অপেক্ষায় আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় আইসি ক্লাবের সামনের প্রধান ফটকসহ সুইমিং পুলের একাংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি বিদ্যুৎ ও ওয়াসার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গুলশান-২ সার্কেলের ৭৪ নম্বর সড়কের ৫ নম্বর একতলা বাড়িতে এই ক্লাবটি। ক্লাবের কার্যক্রম বন্ধ করে অন্যত্র স্থানান্তরের জন্য ক্লাব কর্তৃপক্ষকে কয়েক দফা নোটিশ দেন প্লটের মালিক নজরুল ইসলাম মজুমদার। নোটিশে বলা হয়, চুক্তি অনুসারে প্লটটি আবাসিক ব্যবহারের জন্য। বিষয়টি গুলশান থানা ও রাজউককে জানানো হয়। একজন বাসিন্দা আবাসিক এলাকায় ক্লাবের কার্যকম নিয়ে থানায় অভিযোগ করেন। ক্লাবটির ৩০০ সদস্যের সবাই বিদেশি নাগরিক।বাড়ি ছাড়ার নোটিশের বিরুদ্ধে ক্লাব কর্তৃপক্ষ উচ্চ আদালতে মামলা করেন। ক্লাব কর্তৃপক্ষ জানায়, তারা ১৬ বছর ধরে এই বাড়িটি ক্লাব হিসেবে ব্যবহার করছে। ২০০৮ সালে নজরুল ইসলাম মজুমদার এটি কেনেন। আগের মালিকের সঙ্গে তাঁদের ২০১৪ সাল পর্যন্ত ভাড়ার চুক্তি ছিল। ওই হিসেবে গত দুই বছর নজরুল ইসলাম ভাড়া নেন। সর্বশেষ আদালত স্থিতাবস্থা জারি করে ৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন বলে জানান ক্লাবের প্রেসিডেন্ট সঞ্জয় সালদেনিয়া। তিনি বলেন, এর মধ্যে উচ্ছেদের ঘটনা ঘটল। তবে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা বলেন, সম্প্রতি উচ্চ আদালত ক্লাবের অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিলে রাজউক গতকাল তা শুরু করেছে। পরে ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে আসবাবপত্র সরানোর সময় দেওয়া হয়।