ডেন্টালের ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বিএফডিএসের দিনব্যাপী কর্মশালা
বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের (বিএফডিএস) আয়োজনে এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের ডেন্টাল বিভাগের ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী চিকিৎসা প্রদানসহায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিএফডিএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার দেড় শতাধিক ডেন্টাল চিকিৎসকের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব হুমায়ুন কবীর বুলবুল, স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল শিক্ষাবিষয়ক পরিচালক মোশাররফ হোসেন খন্দকার, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ লাবুদা সুলতানা, শমরিতা মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ মো. আবদুল জলিল আনসারী ও উপাধ্যক্ষ আনোয়ার ইউসুফ, বিএফডিএসের আহ্বায়ক ও পাইওনিয়ার ডেন্টাল কলেজের সভাপতি রকিবুল হোসেন রুমী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন।
সাজেদুল অসিফ ও সালসাবিল অর্ণবের উপস্থাপনায় সংগঠনটির সদস্যসচিব মো. আসাফুজ্জোহা রাজ তাঁদের বিগত দিনের বিভিন্ন সফল কার্যকর কর্মকাণ্ড তুলে ধরেন।
এ ছাড়া ভবিষ্যতে ধারাবাহিকভাবে দেশের সব ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে এমন আয়োজন চলমান রাখার কথাও জানান তাঁরা।
কর্মশালার আয়োজক বিএফডিএস বলছে, দৈনন্দিন রোগীদের সেবা দিতে এমন কিছু বিষয় সামনে আসে, যা পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকে না। সেসব বিষয় তুলে ধরে ইন্টার্ন চিকিৎসকদের কাজের আস্থা বাড়ানোই ছিল এ কর্মশালার মূল লক্ষ্য।
ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, শমরিতার ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক সুলতানা পারভিন ও শহীদ সোহরাওয়ার্দী ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক নিতীশ কৃষ্ণ দাস সায়েন্টিফিক সেশন পরিচালনা করেন।বিএফডিএসের পক্ষ থেকে বলা হয়েছে, দিনব্যাপী এই চিকিৎসা প্রদানসহায়ক কর্মশালা ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত কাজে ভিন্ন মাত্রা যোগ করবে।
দিনব্যাপী কর্মশালা শেষে ইন্টার্ন চিকিৎসকদের সনদ প্রদান করা হয়। কর্মশালার পৃষ্ঠপোষকতায় ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।