ইন্দিরা রোডে ছিনতাই
রাজধানীর ইন্দিরা রোডে গত রোববার সন্ধ্যায় তাসবীর শাতিল (২৫) নামের এক যুবককে মারধর করে তাঁর ল্যাপটপ ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। এ ব্যাপারে ওই রাতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সংসদ অ্যাভিনিউ থেকে কলাবাগানের বাসায় ফেরার পথে ইন্দিরা রোডের আজিম অ্যান্ড সন্স গার্মেন্টসের কোনায় এক অপরিচিত লোক তাসবীরের পথ রোধ করে। কিছুক্ষণ পর সেখানে আরেকজন এসে অস্ত্রের ভয় দেখিয়ে তাসবীরকে আজিম অ্যান্ড সন্স গার্মেন্টসের গলির ভেতরে নিয়ে যায়। দুজন প্রথমে তাসবীরের কাছ থেকে একটি সিম্ফনি ব্র্যান্ডের মুঠোফোন ছিনিয়ে নেয় ও মারধর করে। এরপর অন্য একটি গলিতে নিয়ে আরেকটি মুঠোফোন (এইচটিসি) ছিনিয়ে নেয়। মুঠোফোন দিতে অস্বীকৃতি জানালে আবার তাসবীরকে মারধর করা হয়। কিছুক্ষণ পরে পাশের আরেকটি গলির মুখে নিয়ে তারা তাসবীরের কাঁধে থাকা ল্যাপটপসহ (এইচপি প্যাভিলিওন প্রো) একটি ব্যাগ ছিনিয়ে নেয়। তাসবীর ল্যাপটপ ফেরত চাইলে ছিনতাইকারীরা তাঁকে বেদম প্রহার করে এবং ব্যাগে অস্ত্র ভরে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়।
তাসবীরের বড় বোন তৌহিদা শিরোপা বলেন, দুজন তাসবীরকে মারধর করে। এ সময় কিছু দূরে তাদের আরও একজন লোক দাঁড়িয়ে ছিল। তাসবীরের ছিনিয়ে নেওয়া মুঠোফোন দুটির আইএমইআই নম্বর ৩৫৮৬৬৭০৬৫৪২৭০২৭ ও ৩৫৮৬৬৭০৬৫৪৮৮০২৯। তিনি বলেন, ল্যাপটপ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তারা তাসবীরকে দ্রুত ওই এলাকা থেকে চলে যেতে বলে এবং পেছন ফিরে দেখলে গুলি করা হবে বলে হুমকি দেয়।