ইন্দিরা রোডের পথগুলো ভাঙাচোরা
রাজধানীর ইন্দিরা রোড এলাকার অনেক রাস্তা ভাঙা। কোনোটায় কার্পেটিং নেই, আবার কোনোটায় গর্ত। এলাকাবাসী বলছেন, বছর দুয়েক ধরেই পথগুলোর এ অবস্থা।
ফার্মগেট-সংলগ্ন ইন্দিরা রোড একটি আবাসিক এলাকা। এর অধিবাসীদের সূত্রে জানা যায়, ২০১৫ সালে রাস্তা খুঁড়ে এলাকার পয়োনালা সংস্কারের কাজ হয়। সংস্কারকাজ শেষে গর্ত ভরাটের পর অনেক রাস্তায় আর কার্পেটিং হয়নি। কয়েক দিন আগে সেখানে দেখা যায়, ইন্দিরা রোড সোসাইটি (পশ্চিম), ইস্টার্ন হাউজিং প্রজেক্ট, খামারবাড়ির উল্টো দিকের পথ, পশ্চিম রাজাবাজারসহ অনেক রাস্তায় এক এক অংশে কার্পেটিং নেই। মাটি-সুরকির আবরণ ক্ষয়ে অনেক জায়গায় গর্ত তৈরি হয়েছে। উইলিয়াম ক্যারি স্কুলের সামনে মাঝ রাস্তায় এবং তেজগাঁও কলেজ ছাত্রাবাস মসজিদের সামনে এমন ছোট-বড় গর্ত রয়েছে। পানি জমে কোথাও কোথাও কাদা হয়ে আছে।
এলাকার বাসিন্দা মো. হারুন বলেন, অনেক দিন ধরে রাস্তা ভাঙা। বর্ষার সময় কাদাপনি জমে ভোগান্তি আরও বাড়ে। আরেক বাসিন্দা সালমা হোসেন বলেন, উঁচু-নিচু রাস্তায় হাঁটতে গেলেও ভোগান্তিতে পড়তে হয়।
ইন্দিরা রোড এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এ পড়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, এই এলাকার রাস্তার উন্নয়নে দরপত্র হয়েছে। এই বছরের শেষ নাগাদ রাস্তাগুলোর সংস্কারকাজ শেষ হতে পারে বলে জানান তিনি।