জাতীয় শোক দিবসের আলোচনা শেষে ইফতারি বিতরণকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় মিলনায়তনে শোক দিবসের আলোচনা শেষে ইফতারের আয়োজন করে। এ সময় ইফতারের প্যাকেট নিতে লাইনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের বাবর ও শ্রাবণ পক্ষের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ইফতার শুরুর পরপরই একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। এতে রাসেল, জালাল, মর্তুজা, সোহেলসহ পাঁচজন আহত হন। পুলিশ ও ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ঘটনার সঙ্গে জড়িত সঞ্জীব, শাহদাতসহ সাতজনকে এক মাস এবং বাবর ও শ্রাবণকে ১৫ দিনের জন্য বহিষ্কার করেন। ছাত্রলীগের সভাপতি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেল তিনটায় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পলাতক খুনিদের দেশে এনে ফাঁসির রায় অবিলম্বে কার্যকর ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্র-শিক্ষকেরা ক্যাম্পাসে মানববন্ধন করেন। বিকেল চারটায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শোক দিবসের আলোচনা সভা শুরু হয়।এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে ৪০ বছর পিছিয়ে দিয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর বাকি ছয় পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এ জন্য সরকার কাজ করছে।’আরও বক্তব্যরাখেন উপাচার্যমেসবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর, রেজিস্ট্রার ওহিদুজ্জামান, শাহীনূর রহমান, লুৎফর রহমান প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্র-শিক্ষকরা ক্যাম্পাসে মানববন্ধন করেন।