ইফতারে বদলে যায় মতিঝিল
মাগরিবের আজান হতে তখনো ঘণ্টা খানেক বাকি। অফিসপাড়া হিসেবে খ্যাত মতিঝিল লোকারণ্য। চারদিক থেকে নানা রকমের আওয়াজ ভেসে আসছে। ছোটাছুটি চলছে, কথা বলার মতো সময় যেন কারও নেই।আজান ধ্বনিত হতেই বদলে গেল অফিসপাড়ার পরিবেশ। একটু আগেও যেখানে ছিল প্রচণ্ড কোলাহল, শেষ বিকেলে সেখানেই নেমে আসে সুনসান নীরবতা। যাঁরা ঘরে ফিরতে পারেননি, তাঁরা ব্যস্ত ইফতারির আয়োজনে। ফুটপাত, রেস্টুরেন্ট, অফিসের ভেতর—ছোট ছোট আয়োজন চোখে পড়ে।রোজা রেখে সারা দিন পরিশ্রমের পর অফিসপাড়ার কর্মকর্তা-কর্মচারীদের ইফতারির আয়োজনে থাকে ভিন্নতা। অনেকে বাসা থেকেই খাবার নিয়ে আসেন। সেই খাবার দিয়ে সবার সঙ্গে ভাগাভাগি করে ইফতার করেন। এ এলাকার খাবারের দোকানগুলো থেকে মূলত অফিস-ফেরতা চাকরিজীবীরাই ইফতারি কেনেন। ইফতারির প্যাকেট হাতে তাঁদের বাড়ির পথ ধরা এখানকার নিত্যদিনের চিত্র।মতিঝিল এলাকার ফুটপাতে ইফতারসামগ্রীর কিছু দোকান রয়েছে। বেশ কিছু ভালো রেস্টুরেন্টও রয়েছে। যেমন হোটেল ঘরোয়া, হোটেল ডি বাদশা, হোটেল হীরাঝিল, মারলিন, হোটেল নাইয়রী প্রভৃতি। এ ছাড়া এ এলাকায় রয়েছে ডিসেন্ট, অলিম্পিয়া, ফ্রান্স বেকারির মতো কিছু বেকারি। এগুলোর পাশাপাশি শাপলা চত্বরকে কেন্দ্র করে অসংখ্য অস্থায়ী দোকান বসেছে এবার। তবে এ বছর ইফতারসামগ্রীর দাম অনেক বেশি বলে জানান ক্রেতারা। ক্রেতারা জানান, গত বছর প্রতি প্যাকেট ইফতারির দাম ছিল ৩৫ টাকা। এ বছর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকায়। এসব প্যাকেটে ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, শসা, খোরমা এবং কোনো একটি ফল থাকে।বেলা সাড়ে তিনটায় অফিস ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় গণপরিবহনে থাকে উপচে পড়া ভিড়। গাড়ির কাউন্টারগুলোতে থাকে লম্বা লাইন। তার পরও বাসায় সবার সঙ্গে ইফতার করতে ছুটে চলে অসংখ্য মানুষ। একই সঙ্গে ফাঁকা হতে শুরু করে মতিঝিল এলাকা। তার পরও কাজের চাপে যাঁদের বাসায় ফেরা সম্ভব হয় না, তাঁরা অফিসের কাছে কোনো দোকানে কিংবা অফিসে বসে ইফতার সেরে নেন।সরেজমিনে দেখা গেছে, এলাকার প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলোর বেশ কয়েকটি তাদের নিয়মিত বিক্রি বন্ধ করে দিয়েছে। হোটেল ডি বাদশার মালিক তানভীর রানা বলেন, ব্যস্ত অফিস এলাকায় রমজান মাসের পবিত্রতা রাখার জন্যই তাঁরা হোটেলের স্বাভাবিক বেচাকেনা বন্ধ রেখেছেন। এই ফাঁকে হোটেলের টুকটাক সংস্কারের কাজ করে নিচ্ছেন।মতিঝিল এলাকার ইফতারির বাজারের ভিড় বেশি দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাতে। দৈনন্দিন ইফতারির সব অনুষঙ্গ ছাড়াও এখানে বিভিন্ন ফল, মুরগি, গরুর মাংস, মাছসহ নানা রকমের শাকসবজি রয়েছে। এখানকার হকার সাইফুল ইসলাম বলেন, ‘অনেক বাসার সাহেব-ম্যাডাম দুজনই চাকরি করেন। বাজারে যাওয়ার টাইম কই? তাই বাসায় যাওয়ার টাইমে ব্যাগ ভইরা বাজার করেন। এতে হেগোও সুবিদা, আমগোও লাভ!’কর্মকর্তাদের হাতে করে বাজার নিয়ে যাওয়ার ব্যতিক্রমও ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘সাড়ে তিনটায় অফিস ছুটি, এটা শুধু কাগজে-কলমে। কাজ শেষ করে যখন অফিস থেকে বের হই, তখন ইফতারের সময় হয়ে যায়। এ জন্য প্রতিদিন অফিসে ইফতার করি। এ এলাকায় ইফতারি পাওয়া খুব সহজ।’মতিঝিলে ইফতারের আরেকটি দৃশ্য আছে। ফুটপাতে বসে নিম্ন আয়ের মানুষের ইফতারির আয়োজন। হকার থেকে শুরু করে রিকশাচালক এবং দিনমজুর শ্রেণীর মানুষ গোল হয়ে বসে একত্রে ইফতার করেন।