পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার ইবনে সিনা গ্রুপের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৮ বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ আনে পরিবেশ অধিদপ্তর।সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের একটি দল কারখানায় আকস্মিক অভিযান চালালে ইবনে সিনার কারখানায় পরিবেশ ছাড়পত্র না থাকার এ ঘটনা উদ্ঘাটিত হয়। পরিদর্শক দল গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কারখানায় গেলে কর্মকর্তারা কারখানা পরিদর্শনে বাধা দেন এবং তথ্য দিতে অসহযোগিতা প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে।গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে দণ্ডিত করে ৫০ লাখ টাকা আদায় করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের পরিচালকের (এনফোর্সমেন্ট) কাছে লিখিত এক আবেদনে এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।গতকাল কোম্পানির পক্ষে মহাব্যবস্থাপক ও কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ শহীদ ফারুকী, প্ল্যান্ট ব্যবস্থাপক রফিকুল হক, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক আবদুল খালেক ও ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) মমতাজুল করিম পরিচালকের (এনফোর্সমেন্ট) কাছে শুনানিতে হাজির হয়ে পরিবেশ ছাড়পত্রবিহীন কারখানা নির্মাণ ও পরিচালনার জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন। তাঁরা জানান, এ ঘটনা নিতান্তই তাঁদের অজ্ঞতা। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, ‘১৮ বছর ধরে একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বেআইনিভাবে চালানো পরিবেশ আইন অমান্যের এক নজিরবিহীন ঘটনা। তাই এ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, যাতে সবাই সর্বক্ষেত্রে পরিবেশ আইন মেনে চলে। কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের উৎপাদন পরিকল্পনা এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সব তথ্য-উপাত্ত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’