ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে 'রমন বিবি ক্যাথওয়ার্ড'
রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদ্রোগ চিকিৎসার জন্য আসা রোগীদের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম করার আগে ও পরে রোগীদের সেবা দেওয়ার জন্য চালু হয়েছে ‘রমন বিবি ক্যাথওয়ার্ড’।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ওয়ার্ডের ফলক উন্মোচন করেন অতিথিরা। মা রমন বিবির নামে করা ওয়ার্ডটির জন্য এক কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী।
ফলক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেন, শুধু অর্থবিত্তের মালিক হলেই হবে না, জনসেবায় অর্থ দান করতে হবে। তিনি বিত্তবানদের সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
ফলক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দীন, ইব্রাহিম কার্ডিয়াকের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক এম এ রশীদ বলেন, বর্তমানে ১০ শয্যার ওয়ার্ডটির শয্যাসহ বিভিন্ন যন্ত্রপাতির আধুনিকায়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, কেউ এক কোটি টাকা অনুদান দিলে অনুদানদাতার পছন্দ অনুযায়ী নামকরণ করা হয়।