ইব্রাহিমপুর খাল দখলমুক্ত করা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মো. মতিউর রহমান। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।

প্রথম আলো: নির্বাচনী প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন?

কাউন্সিলর: নির্বাচনের আগে অনেক কিছুই ওয়াদা করেছি। ওয়ার্ডটি পরিকল্পিত এলাকা নয়। এখানে খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার, কবরস্থান নেই। এগুলো করার মতো সরকারি জায়গাও নেই। তাই এগুলো এখনো করতে পারিনি।

প্রথম আলো: সড়কগুলো প্রশস্ত করতে কী উদ্যোগ নিয়েছেন?

কাউন্সিলর: ওয়ার্ডে ২০ ফুট প্রস্থের সড়ক নেই। সড়ক প্রশস্ত করতে গেলে নানা বাধা আসে। রজনীগন্ধা মার্কেট থেকে আনসার ক্যাম্প পর্যন্ত ১০০ ফুট প্রস্থের সড়কটি হওয়া খুব জরুরি। এলাকার যাতায়াতব্যবস্থা আমূল বদলে যাবে সড়কটি হলে।

প্রথম আলো: এলাকার কোন সমস্যা জরুরি ভিত্তিতে নিরসন প্রয়োজন?

কাউন্সিলর: ইব্রাহিমপুর খালটি দখলমুক্ত করে পাড় বাঁধাই করা জরুরি। খালের পাড় দিয়ে হাঁটাপথ করা গেলে এলাকায় হাঁটার জায়গা হতো, মশার উপদ্রবও কমত। এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়নের কাজ চলছে। আরও ২২ কোটি টাকার প্রকল্প প্রস্তাব জমা দেওয়া আছে।