ইব্রাহিমপুরে গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রাহিমপুরে গতকাল শনিবার অজুফা বেগম (৩২) নামের এক গৃহকর্মীকে একটি বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কাফরুল থানা সূত্র জানায়, অজুফা ৪৪০/বি উত্তর ইব্রাহিমপুরের বাসিন্দা লুৎফুন্নাহারের বাসার গৃহকর্মী ছিলেন। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ওই বাড়ির ছাদ থেকে পড়ে অজুফা গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে মিরপুর ১৪ নম্বরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে কাফরুল থানার পুলিশ তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। গৃহকর্মীর খালা মর্গে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অজুফাকে ফেলে হত্যা করা হয়েছে। তবে গৃহকর্ত্রী লুৎফুন্নাহার পুলিশের কাছে দাবি করেন, অজুফা বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে।