যেকোনো মূল্যে ইভ টিজিং প্রতিরোধের প্রতিজ্ঞা করেছেন বাংলাদেশ গার্ল গাইডস ঢাকা অঞ্চলের সদস্যরা। এ লক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর বেইলী রোড়ে ইভ টিজিং-বিরোধী মানববন্ধন করেছেন তাঁরা।গতকাল গাইড হাউস জাতীয় কার্যালয়ে বসেছে গার্ল গাইডসের আঞ্চলিক পরিষদের অধিবেশন। এর আগেই গাইডসের সদস্যরা মানববন্ধন করেন। এতে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।রাশেদ খান মেনন ইভ টিজিংয়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং সচেতনতা তৈরি করতে গাইডসের সদস্যদের প্রতি কাজ করার আহ্বান জানান।পরে গার্ল গাইডসের আঞ্চলিক পরিষদের অধিবেশনের উদ্বোধন করেন রাশেদ খান মেনন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ফুলরানী সরকার ও ঢাকা অঞ্চলের কমিশনার মনোয়ারা বেগম।অনুষ্ঠানে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আঞ্চলিক কমিশনার, জেলা ও স্থানীয় কমিশনার, গাইডার, রেঞ্জার, গাইড হলদে পাখি, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।