দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই ইভ টিজিং প্রতিরোধ করা যাচ্ছে না। এ জন্য কঠোর আইন ও তার বাস্তবায়ন দরকার। পরিস্থিতি সামাল দিতে জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় প্রচারণায় নামতে হবে।গতকাল বৃহস্পতিবার ইভ টিজিং প্রতিরোধে কর্মজীবী নারী আয়োজিত মানববন্ধন ও র্যালি পালনের সময় বক্তারা এ আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা উত্ত্যক্ততার পরিমাণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে তাঁরা লিঙ্গ সংবেদনশীলতার অভাব ও আইনগত দুর্বলতাকে চিহ্নিত করেছেন। কর্মসূচি শেষে সব শ্রেণী-পেশার মানুষকে ইভ টিজিং প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আয়োজকেরা বলছেন, আইন না হওয়া পর্যন্ত তাঁরা সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োজনীয়তা বিষয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবেন। সমাবেশে সংগঠনটির পরিচালক মাহমুদা ইমাম, নারী নেত্রী আরিফা আক্তার, আঞ্জুমান আরাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।