ইভ টিজিং বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
ছাত্রীদের উত্ত্যক্ত করা প্রতিরোধে আইনি নজরদারি জোরদার করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে গণজাগরণ সৃষ্টি করতে দেশের সুশীল সমাজ, গণমাধ্যম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী সংগঠন, মানবাধিকার ও আইনি সংগঠনসহ সবার ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন।শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ইভ টিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মন্ত্রণালয় ওই সভা আয়োজন করে। সভায় বক্তারা স্কুল-কলেজে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ড জোরদার করা, স্কুল-কলেজে স্টুডেন্ট কাউন্সিলর নিয়োগ, অভিযোগ বাক্স স্থাপন ও গণসচেতনতা বৃদ্ধির বিষয়ে মত দেন। তাঁরা বলেন, বখাটেদের উৎপাত এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এটা বন্ধ করতে সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে; গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। প্রয়োজনে নতুন আইন করার কথা বলেন কেউ কেউ। সভার সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গত কয়েক বছরে মেয়েদের উত্ত্যক্তকারীদের বখাটেপনা সন্ত্রাসীরূপ ধারণ করেছে। এটা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রী আরও বলেন, ১৩ মে মন্ত্রণালয় এ বিষয়ে জাতীয় সেমিনার আয়োজন করবে। এ ছাড়া ২০ মে দেশজুড়ে শিক্ষা দিবস পালন করা হবে। মন্ত্রী পাড়া-মহল্লায়, স্কুল-কলেজে প্রতিরোধ কমিটি গঠনসহ ছাত্রীদের নিরাপত্তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আচরণ-নির্দেশিকার বিষয়ে শিক্ষকদের সাপ্তাহিক সভা আয়োজন এবং বখাটে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ও তা গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, ছেলেমেয়েদের বিষয়ে অভিভাবকদের সজাগ থাকা উচিত। স্কুল-কলেজের আশপাশের সুধীজনদের দিয়ে তদারকি কমিটি গঠন করলে সুফল পাওয়া যেতে পারে বলে মন্ত্রী মত প্রকাশ করেন। সভায় সাংসদ তারানা হালিম ও সারাহ বেগম কবরী, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার, রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মামুনুর রশিদ, ইলিয়াস কাঞ্চন, অরূপ রতন চৌধুরী, সারওয়ার আলী, হাসান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে গোলাম সারওয়ার, ইকবাল সোবহান চৌধুরী, ফরিদুর রেজা সাগর, আবেদ খান, আব্দুল কাইয়ুম, ইহসানুল করিম, মুনীরুজ্জামান, গোলাম তাহাবুর প্রমুখ উপস্থিত ছিলেন।