ইভ টিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
ইভ টিজিংয়ের (উত্ত্যক্ত করা) প্রতিবাদে গতকাল রোববার রাজধানীর বিভিন্ন জায়গায় সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা শিক্ষক ও অভিভাবক হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আবুল কাশেমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে রায়েরবাজার স্কুল অ্যান্ড কলেজ। কলেজের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্কুলের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশ নেন। এ ছাড়া পাশের জরিনা শিকদার উচ্চবিদ্যালয় ও কলেজ, জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজমুশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা এই কর্মসূচিতে অংশ নেন। এতে বক্তৃতা করেন রায়েরবাজার হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেহেরুন্নেছা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ফয়জুল ইসলাম ভূঁইয়া, আজিজুল ইসলাম, নুরুল হক প্রমুখ। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের উত্ত্যক্তকারী বখাটেদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিকেলে মুক্তাঙ্গনে ইভ টিজিংবিরোধী সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। এতে বক্তারা নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরে চাঁপা রানী ভৌমিকের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শিক্ষক নেতা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন নূর মোহাম্মদ তালুকদার, রঞ্জিত কুমার সাহা, শাহজাহান আলম সাজু, আবু বকর চৌধুরী, মনি হালদার প্রমুখ। বক্তারা বলেন, সন্তানকে রক্ষার দায়িত্ব হিসেবেই ইভ টিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রগতি সরণিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল কলেজ অ্যান্ড স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। এতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল আলম বলেন, ‘বখাটেদের উৎপাত অতীতেও ছিল। আক্রান্ত পরিবার ও ছাত্রীরা লজ্জায় কাউকে জানাত না। যে কারণে সন্ত্রাসীরা পার পেয়ে যেত। ক্ষেত্রবিশেষ ছাত্রীরা আত্মহত্যা করলে বিষয়টি জানাজানি হতো। তবে বর্তমানে ইভ টিজিং প্রকট আকার ধারণ করেছে। বখাটেদের প্রতিরোধ করতে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করতে হবে।’ এদিকে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি হেমায়েত উদ্দিন এক বিবৃতিতে বলেছেন, দেশে ইসলামী হুকুমত কায়েম ছাড়া ইভ টিজিং বন্ধ করা সম্ভব নয়। অন্য এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আবদুল্লাহ আশরাফ বলেছেন, নারীদের বোরকা পরতে বাধ্য করা যাবে না বলে পরিপত্র জারি করে সরকার ইভ টিজিংকে উৎসাহিত করেছে।