ইভ্যালির মালামাল চুরির মামলায় ভবনমালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ্যালির ধানমন্ডি কার্যালয়
ফাইল ছবি: প্রথম আলো

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি কার্যালয় ভবনটি ভাড়ায় চালাতেন প্রতিষ্ঠানটির মালিক। ধানমন্ডি ১৪ নম্বরে ওই ভবনের মালিক সালাহউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ১১/এ নম্বর রোডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া রাতে প্রথম আলোকে বলেন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেপ্তার হওয়ার পর ওই কার্যালয় থেকে মালামাল ও আসবাব চুরির অভিযোগে বাড়িমালিক সালাউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়। আজ সন্ধ্যায় ধানমন্ডির ১১/এ নম্বর রোডে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, গত ১২ অক্টোবর হাইকোর্ট ইভ্যালির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি বোর্ড গঠন করেন। ওই বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবির বাদী হয়ে ইভ্যালির মালামাল ও আসবাব চুরি করার অভিযোগে বাড়ির মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় তাঁকেই একমাত্র আসামি করা হয়।