ইমপালস হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় ভবন ধসের ঘটনায় তারা দায়ী নয়। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহীর আল-আমীন এ দাবি করেন। তিনি নির্মাণস্থলের শোর পাইলিং (ভিত গর্তের দেয়াল) ধসের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান আইটিসিএল-কে অভিযুক্ত করেন।এদিকে ডা. জাহীরের বক্তব্য ভিত্তিহীন বলে উল্লেখ করে আইটিসিএল (ইসলাম ট্রেডিং কনসোর্টিয়াম লিমিটেড) দাবি করেছে, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ীই তারা কাজ করেছিল। বেলা তিনটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. জাহীর বলেন, ‘আমরা চিকিৎসক। তাই প্রথম থেকেই নির্মাণকাজে হস্তক্ষেপ না করতে সচেষ্ট ছিলাম।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্মাণস্থলে সার্বক্ষণিক আইটিসিএলের অভিজ্ঞ প্রকৌশলীদের থাকার কথা। তাঁদের গাফিলতিতেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।এদিকে আইটিসিএলের পরিচালক মো. মাহবুবুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানকার শোর পাইলিং দুর্বল, কয়েক স্থানে ছিলই না (মিসিং)। ব্রেসিংসহ অন্যান্য ড্রয়িং, ডিজাইন, ক্যালকুলেশন, সয়েল টেস্ট সবই করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা গর্ত এতটা গভীর করার বিরোধী ছিলাম। সমস্যাগুলোর সমাধান না করায় আমরা দুই-তিনবার কাজও বন্ধ করে দিই ।