ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীদের মাদককে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক একটি জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা দুই হাত তুলে মাদককে ‘না’ বলল। একই সঙ্গে তারা অঙ্গীকার করল, যারা মাদক নেয়, তাদের সঙ্গে কোনো সম্পর্কে জড়াবে না। মাদক থেকে দূরে থাকতে সবাই একসঙ্গে কাজ করবে।গতকাল বৃহস্পতিবার ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা ‘আমরা আজীবন মাদকমুক্ত থাকব’ শীর্ষক মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানে এই শপথ করে। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন ও প্রথম আলো ট্রাস্ট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে মনোরোগ চিকিৎসক সিফাত-ই-সাইদ বলেন, ‘মাদক মানুষকে একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দেয়। কৌতূহলের বশে মাদক নিয়ে মানুষ চোরাবালিতে পড়ে।’মাদকের ক্ষতিকর দিক উল্লেখ করে ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘মাদক গ্রহণ মূলত শুরু হয় কৌতূহলবশত। তবে মাদকের থাবা থেকে বাঁচা সহজ। এ ক্ষেত্রে নিজেদের ইচ্ছাশক্তিই যথেষ্ট।’কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক বলেন, ‘দেশের ভবিষ্যৎ তরুণসমাজ। আর তারাই মাদক ব্যবসায়ীদের প্রথম লক্ষ্য। তাই আমাদের সচেতন থাকতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে।’প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমরা সবাই আজ থেকে মাদকের বিরুদ্ধে সৈনিক। নিজেদের দায়িত্ববোধ থেকে প্রত্যেকেরই এর বিরুদ্ধে কাজ করতে হবে। তবেই দেশ একদিন মাদকমুক্ত হবে।’সবশেষে উপস্থিত শিক্ষার্থীদের মাদকবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মনোরোগ চিকিৎসকেরা। সচেতনতামূলক এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ইমপিরিয়াল কলেজ বন্ধুসভা।