ইমপেরিয়াল কলেজে আন্তমহানগরী বিজ্ঞান মেলা
ঢাকা ইমপেরিয়াল কলেজ আয়োজিত পঞ্চম আন্তমহানগরী বিজ্ঞান মেলা ২০১৩ চলছে কলেজের আফতাব নগরের ক্যাম্পাসে। গত বুধবার থেকে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে।ভবিষ্যৎ বিজ্ঞানীদের এই মেলার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে: প্রকল্প প্রদর্শনী, ওয়েবপেজ প্রদর্শনী, সফটওয়্যার প্রদর্শনী এবং পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, গণিত, রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজি অলিম্পিয়াড। মেলায় ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। মেলার বিশেষ আকর্ষণ সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘একটুখানি বিজ্ঞান’। মেলা আজ বিকেল চারটা পর্যন্ত চলবে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন তালিপামসহ বিপন্ন উদ্ভিদের সংরক্ষক, সরকারি বাঙলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান চৌধুরী। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ইসমত কাদের গামার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রস্তাবিত নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্তা, কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক, পরিচালনা পর্ষদের সদস্য মো. ওয়ালিউল্লাহ, মাজহারুল ইসলাম ও স্বদেশ রঞ্জন সাহা।