ইমারত নির্মাণপ্রতিষ্ঠান নিবন্ধিত হওয়ার সময় আরও এক মাস বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। কোনো ইমারত নির্মাণপ্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিবন্ধিত না হলে ওই প্রতিষ্ঠানের নির্মাণ প্রকল্পের নকশা (প্ল্যান) অনুমোদন করা হবে না। বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ অনুযায়ী গত ১ জুলাই থেকে বিধানটি অত্যাবশ্যক করা হয়। তখন বলা হয়েছিল, আগে যাঁরা বৈধ নকশায় ইমারত নির্মাণ করেছেন, তাঁদের নতুন করে নিবন্ধন করাতে হবে না।রাজউক সূত্রে জানা গেছে, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধিত হওয়ার তারিখ এক মাস বাড়ানো হলো।তবে রিহ্যাব সূত্র জানিয়েছে, সংগঠনের পক্ষ থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছিল। তারা আরও সময় বাড়ানোর আবেদন জানাবে।জানা গেছে, রিহ্যাবের সদস্য নন এমন যেসব ডেভেলপার অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ব্যবসার জন্য ইমারত নির্মাণ করবেন, তাঁদের ক্ষেত্রেও নিবন্ধন-প্রক্রিয়া প্রযোজ্য হবে।জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ভূমি প্রকল্পের ক্ষেত্রে নিবন্ধনপ্রথা চালু হয়েছে আগেই। ইমারত নির্মাণপ্রতিষ্ঠানেরও নিবন্ধনের বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। ১ জুলাই থেকে তা অত্যাবশ্যক করা হয়।রাজউকের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ থেকে জানানো হয়, রিহ্যাবের সদস্যসংখ্যা ৭২৮ জন হলেও ১ জুলাইয়ের আগে তাঁদের মালিকানাধীন মাত্র আটটি ইমারতপ্রতিষ্ঠানের নিবন্ধনের জন্য আবেদন জমা পড়েছিল। রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) গত চার মাসে তিন শতাধিক কোম্পানির নিবন্ধন করেছেন।রিহ্যাব সূত্র জানায়, নিবন্ধনের জন্য আগে তাঁদের কোনো চিঠি দেওয়া হয়নি। তবে এ-সংক্রান্ত অধ্যাদেশটি পাস হওয়ার পরই নিবন্ধনের প্রশ্ন আসে।রাজউক সূত্রে জানা গেছে, রিহ্যাবকে সরাসরি চিঠি দেওয়া না হলেও পত্রিকায় চলতি বছরই তিন দফায় বিজ্ঞপ্তির মাধ্যমে ইমারত নির্মাণপ্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয়টি জানানো হয়েছিল।নিয়ম: নিবন্ধনের নিয়ম সম্পর্কে রাজউক সূত্র জানায়, নিবন্ধিত হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া আবেদনপত্রের সঙ্গে প্রাথমিক নিবন্ধন ফি পাঁচ হাজার টাকার রসিদ দিতে হয়। এক বছর পর পর নিবন্ধন নবায়ন করতে হবে এবং এর জন্য দুই হাজার ৫০০ টাকা ফি দিতে হবে। অঙ্গীকারনামা দিতে হবে ১৫০ টাকার স্ট্যাম্পের সঙ্গে।নিবন্ধন করতে আবেদনপত্রে যুক্ত থাকতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন নম্বর, মূল্য সংযোজন কর (ভ্যাট) রেজিস্ট্রেশন নম্বর, কারিগরি জনবলের বিবরণ, নিবন্ধিত নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও স্থপতির সনদ ও সম্মতিপত্র, কারিগরি যন্ত্রপাতি, যোগ্যতার বিবরণ ও প্রমাণপত্র, প্রকল্প উদ্যোক্তা হিসেবে অভিজ্ঞতার বিবরণ, প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ, রিহ্যাব বা ভূমি উন্নয়ন বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের সদস্য নম্বর ও সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নির্ধারিত ছকে অঙ্গীকারনামা ইত্যাদি।