ইরানি বিশ্ববিদ্যালয়ের শাখা ঢাকায় প্রতিষ্ঠার সিদ্ধান্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামের ইরানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকায় তাদের শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে সরকারের কাছে আবেদন জানিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অনুমোদনপ্রাপ্ত নয় এমন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোনো শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ নেই। এ অবস্থায় নতুন এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হবে কি না তা মন্ত্রণালয়ের কেউ বলতে পারছেন না।জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইরানি এ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কী করা যায়, সে জন্যই সভা ডাকা হয়েছে।’এ সভায় শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, কিছু দিন আগে এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশে ইরানি দূতাবাসের মাধ্যমে ক্যাম্পাস খুলতে আবেদন জানায়।এদিকে দেশে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ৪২টি আবেদনের যাচাই প্রতিবেদন এক মাসের বেশি সময় আগে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হলেও এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নতুন আরও যেসব আবেদন যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে, সেগুলোর প্রতিবেদন পাওয়া গেলে একসঙ্গে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পক্ষে মন্ত্রণালয়।