ইলিশ ধরা বন্ধের সময় ভিজিএফের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের চেষ্টা হচ্ছে: মৎস্যমন্ত্রী

ইলিশ আহরণ বন্ধ থাকাকালে ভিজিএফের পাশাপাশি মৎস্যজীবী-জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ আহরণ বন্ধ থাকাকালে ভিজিএফের পাশাপাশি মৎস্যজীবী-জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় বলেশ্বর নদে ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণবিষয়ক অংশীজন কর্মশালায় মন্ত্রী এ কথা জানান।

মৎস্যমন্ত্রী বলেন, মৎস্য আহরণের সময় এবং মৎস্য আহরণ বন্ধের সময় নির্ধারণের যৌক্তিক, গবেষণালব্ধ ও বাস্তবতাসম্পন্ন কারণ রয়েছে। মৎস্য আহরণ বন্ধ থাকাকালে মৎস্যজীবীদের ভিজিএফ দেওয়াসহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। মৎস্যজীবীদের বিকল্প কাজের জন্য রিকশা, ভ্যান, গরু, হাঁস-মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে, যাতে মাছ ধরা বন্ধ থাকার সময় তাঁরা কর্মহীন না হন।

কর্মশালায় মন্ত্রী আরও বলেন, শূন্য থেকে দেশে মৎস্য উৎপাদন বর্তমান পর্যায়ে পৌঁছেছে। একসময় শঙ্কা তৈরি হয়েছিল, নতুন প্রজন্মকে বলতে হবে, ইলিশ জাতীয় একপ্রকার মাছ ছিল, তার গায়ের রং এমন ছিল, স্বাদ এমন ছিল। একটা সময় একেবারেই ইলিশ হারিয়ে যাচ্ছিল। সে জায়গা থেকে ইলিশের উৎপাদন এমন জায়গায় আনা হয়েছে যে বিজ্ঞানসম্মতভাবে সাত লাখ মেট্রিক টন আহরণের পর আরও দেড় লাখ মেট্রিক টন ইলিশ আহরণ করা যাবে।

মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘আমাদের একটি প্রবণতা আছে, যতক্ষণ নদীতে মাছ আছে, ততক্ষণ আমরা সব মাছ তুলে ফেলব। এ ধারণা মৎস্য খাতে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা পরিমাণ মাছ নদী বা জলাশয়ে থাকতে হবে। নদী থেকে কতটা মাছ তোলা যাবে, তার বিজ্ঞানসম্মত অভিজ্ঞতা ও রিপোর্ট রয়েছে। সার্বক্ষণিক আমরা যদি মৎস্য আহরণ করতে দিই, তাহলে একসময় পানি থাকবে, কিন্তু কোনো মাছ থাকবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘নদীদূষণ, অপরিকল্পিত বালু উত্তোলন, নদীর গভীরতা কমে যাওয়া, অভয়াশ্রমে অবৈধ মৎস্য আহরণ, অপরিকল্পিত মৎস্য আহরণ, নদীতে ডিম ছাড়ার পরিবেশ বিঘ্নিত করাসহ নানা কারণে ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তখন ইলিশ উৎপাদনে শীর্ষ দেশের পরিচয় আমাদের আর থাকবে না। এ জন্য ইলিশের প্রজননক্ষেত্র ও অভয়াশ্রম সংরক্ষণ অত্যন্ত জরুরি।’

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ মাহবুবুল হক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. নিয়ামুল নাসের ও মৎস্য অধিদপ্তরের উপপ্রধান মাসুদ আরা মমি।
কর্মশালায় বিএফআরআইয়ের গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে দেশের দক্ষিণাঞ্চলে বলেশ্বর নদ ও মোহনা অঞ্চলে ৫০ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩৪৮ বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চলকে প্রজননক্ষেত্র ঘোষণার জন্য প্রস্তাব করা হয়। প্রস্তাবিত অঞ্চলকে প্রজননক্ষেত্র হিসেবে ঘোষণার মাধ্যমে দেশে ইলিশের পঞ্চম প্রজননক্ষেত্র চিহ্নিত হবে এবং মোট ৭ হাজার ৩৪৮ বর্গ কিলোমিটারের এলাকায় ইলিশ অবাধে প্রজননের সুযোগ পাবে বলে কর্মশালায় জানানো হয়। প্রস্তাবিত প্রজননক্ষেত্র এলাকা হচ্ছে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী বন্দর থেকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পক্ষীর চরসংলগ্ন পয়েন্ট পর্যন্ত এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা থেকে পটুয়াখালীর (বরগুনার সীমানাসংলগ্ন) কলাপাড়া উপজেলার লতাচাপালী ইউনিয়নের লেবুর বাগান পয়েন্ট পর্যন্ত। বিএফআরআইয়ের গবেষকেরা গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করে এ প্রজনন এলাকা নির্ধারণ করেছেন বলে কর্মশালায় জানানো হয়। নতুন এ প্রজননক্ষেত্র জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ এবং অভয়াশ্রম প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। ফলে দেশের ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশে বিভিন্ন বয়সের ও আকারের ইলিশ প্রায় সব মৌসুমে পাওয়া যাবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, মৎস্য বিজ্ঞানী, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, মৎস্যজীবী ও ইলিশ জেলে প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি