ইলিশের দাম বেশি, বিক্রি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিশ
ছবি: প্রথম আলো

পয়লা বৈশাখের সকালেও ইলিশ কিনতে বাজারে এসেছেন ব্যবসায়ী আনিসুর রহমান। এসে ইলিশ পছন্দ করলেন। কিন্তু বিক্রেতার সঙ্গে দর–কষাকষিতে বনাতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি ইলিশ না কিনেই চলে গেলেন।

রাজধানীর মহাখালীর বউবাজারে আনিসুর নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাতের অবস্থা ভালো নয়। একটি ৭০০-৮০০ গ্রাম সাইজের ইলিশ কিনতে চেয়েছিলাম। কিন্তু দাম বেশি।’

মহাখালীর বউবাজার ‍ঘুরে দেখা গেছে, কেজি বা তার চেয়ে কিছুটা বেশি ওজনের ইলিশ কেজি প্রতি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও এই সাইজের ইলিশের কেজি ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা।

বউ বাজারে মাছ বিক্রেতা রবিউল ইসলাম জানান, গতকাল ১৫২০ টাকা দরে কেজি বা তার একটু বড় সাইজের ১৪ পিস ইলিশ এনেছেন। এর মধ্যে আজ দুপুর ১২টা পর্যন্ত তিনটি বিক্রি করতে পেরেছেন। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২০ কেজি এনেছেন। বিক্রি হয়েছে মাত্র ৪ কেজি।

রবিউল বলেন, বাজারে ইলিশের সরবরাহ মোটামুটি, তবে বিক্রি একেবারেই কম। এই ব্যবসায়ীর ভাষ্য, দুই মাস ধরে ইলিশ ধরা বন্ধ। এ কারণে ইলিশের দাম বেশি। করোনার আগে পয়লা বৈশাখ উপলক্ষে দেড় থেকে দুই লাখ টাকার ইলিশ বিক্রি করতেন। এবার ২০ হাজার টাকাও হবে না বলে তিনি জানান।

আরেক মাছ ব্যবসায়ী হাবিব আলী বলেন, আজ সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত মাত্র পাঁচ কেজি ইলিশ বিক্রি করতে পেরেছেন। তিনি পয়লা বৈশাখ উপলক্ষে এক মণ ইলিশ এনেছিলেন। কিন্তু বিক্রি হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

বউ বাজারে ঘণ্টাখানেক অপেক্ষা করে দেখা যায়, বেশির ভাগ ক্রেতা ইলিশের দাম শুনে ফিরে যাচ্ছেন। অনেকে বড় ইলিশের দাম করে ৪০০-৫০০ গ্রাম সাইজের ইলিশ নিয়ে বাসায় ফিরছেন। কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ইলিয়াস আলীর সঙ্গে। তাঁর মতে, মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ। বেশির ভাগ মানুষের কাছে ইলিশ এই মুহূর্তে বিলাসিতার পণ্য। তিনি বলেন, ‌‘আমার মতো লোকও দ্বিধাদ্বন্দ্বে আছি, দুটি মাঝারি সাইজের ইলিশ কিনতে হাজার অথবা ১২০০ টাকা লাগবে। তাহলে আমার নিত্যপ্রয়োজনীয় খরচের কী হবে।’