খালাস পাওয়া ইশরাককে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশরাক হোসেন
ফাইল ছবি

সম্পদের হিসাববিবরণী জমা না দেওয়ার মামলায় বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিচারিক আদালতে থাকা ওই মামলার নথি তলব করেছেন আদালত। আর ইশরাক হোসেনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।  

এর আগে গত বছরের ২৩ নভেম্বর সম্পদের হিসাববিবরণী জমা না দেওয়ার ওই মামলায় ইশরাক হোসেনকে বেকসুর খালাস দিয়ে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক। এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে, যার গ্রহণযোগ্যতার ওপর আজ শুনানি হয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

আদেশ জানিয়ে পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ইশরাককে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর তাঁকে জামিন দিতে সংশ্লিষ্ট আদালতকে বলা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, সম্পদের বিবরণী দাখিল না করায় ২০১০ সালের আগস্টে ইশরাকের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ওই মামলাটি করে দুদক। নির্দিষ্ট তারিখে সম্পদের হিসাব জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২)(ক) ধারামতে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগে বলা হয়। এই মামলায় ২০১৮ সালে ইশরাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। দুদকের করা এ মামলায় ইশরাকের বিরুদ্ধে গত বছরের জানুয়ারিতে অভিযোগ গঠন করেন আদালত। শুনানি শেষে গত বছরের ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম ওই রায় দেন।

উল্লেখ্য, ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ইশরাক বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।