ইশরাকের বাসায় হামলার অভিযোগ

ভাঙা পড়েছে ইশরাকের বাসার জানালার কাচ
ছবি: সংগৃহীত

বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে গোপীবাগের বাসায় এই হামলা হয়েছে। অবশ্য এ সময় বাসায় কেউ না থাকায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে বাসার সামনের দিকে জানালার কাচ ভাঙা পড়েছে।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ইশরাক হোসেন নিজেই প্রথম আলোর কাছে এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা তাঁকে জানিয়েছেন, এক থেকে দেড় শ মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা যুবকেরা জয় বাংলা স্লোগান দিয়ে তাঁর বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। গত রাতে তিনি পরিবারের সঙ্গে গুলশানের বাসায় ছিলেন।

ইশরাক হোসেন
ফাইল ছবি

এ ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন জানিয়ে ইশরাক বলেন, হামলার সময় বাসার সামনে ঝোলানো পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে গেছে দুর্বৃত্তরা।

ইশরাকের ধারণা, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাই তাঁর বাসায় হামলা চালিয়েছেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে।