ইসলামপুরের নিত্যঘটনা তীব্র যানজট
দুঃখের নাম পুরান ঢাকার ইসলামপুর রোড। বাবুবাজার মাজার থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত বিস্তৃত এই রাস্তার দৈর্ঘ্য মাত্র আধা কিলোমিটার। কিন্তু এই রাস্তাটি পাড় হতে কখনো কখনো সময় লাগে এক ঘণ্টারও বেশি। এ অবস্থা প্রতিদিনের।স্থানীয় লোকজন জানান, ইসলামপুর রোডে যানজটের প্রধান কারণ সেখানকার কাপড়ের মার্কেটের সামনে সার্বক্ষণিক কাভার্ডভ্যান ও মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা। এ ছাড়া, রাস্তাটির উভয় পাশে ভাসমান ফলের দোকান, চা-পান ও সিগারেটের দোকান। রাস্তাটিতে যান্ত্রিক যানবাহন ছাড়াও চলাচল করে পণ্যবোঝাই ট্রলি, রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি। এরই মধ্যে আছে রিকশাভ্যানে ফল কিংবা বাদাম-বিক্রেতাদের ঘোরাঘুরি। ফলে সার্বক্ষণিক যানজটের কারণে সেখানকার ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। ইসলামী ব্যাংক লিমিটেডের ইসলামপুর শাখার ব্যবস্থাপক এ কে এম নূরুল ইসলাম বলেন, রাস্তাটি অপ্রশস্ত। এই রাস্তা দিয়ে ব্যাংকের গ্রাহকদের আসা-যাওয়া করতে অনেক ভোগান্তি হয়। নূরুল ইসলাম বলেন, যানজট নিরসনের জন্য এই রাস্তায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকতে দেওয়া উচিত নয়। লোকজন পায়ে হেঁটে চলাচল করবে এবং পণ্য পরিবহনের জন্য আলাদা মজুর নিয়োজিত থাকবে। এ রকম করা গেলে ইসলামপুরে যানজট অনেকটা কমে আসবে বলে তিনি মনে করেন।স্থানীয় কেমিক্যাল ব্যবসায়ী শাহজাহান বলেন, ইসলামপুরের যানজট কমাতে হলে রিকশা ও ভাসমান হকার নিয়ন্ত্রণ করতে হবে। আরেক ব্যবসায়ী বাকের হোসেন বলেন, সকাল থেকে এই রাস্তায় বড় বড় কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপভ্যান ও মাইক্রোবাস ঢুকে তীব্র যানজটের সৃষ্টি করে। এগুলোর নিয়ন্ত্রণে কোনো ট্রাফিক ব্যবস্থা নেই। ফলে যে যার মতো চলাচল করায় লেগে যায় যানজট। আর একবার জটলা শুরু হলে তা দিনভর চলতে থাকে। বাদামতলী বাবুবাজার চাউল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, যানজটের কারণে তাঁদের ব্যবসায় মন্দা যাচ্ছে। গাড়ি নিয়ে একবার ঢুকলে দীর্ঘক্ষণ যানজটে আকটে থাকতে হয়। ফলে জ্বালানি খরচ বেশি লাগে। তাই এখানে সহজে কেউ আসতে চান না। বাবুবাজার থেকে মোহাম্মদপুর যেতে দুই ঘণ্টার বেশি সময় ব্যয় হয়। যানজটের কারণ এবং তা নিরসনের ব্যাপারে জানতে চাইলে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) জায়েদুল আলম প্রথম আলোকে বলেন, ওই এলাকার কাপড়, কাগজ, ওষুধসহ আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে দুই মাস আগে বৈঠক করা হয়েছে। যানজট নিরসনে সেখানকার ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বিভিন্ন প্রস্তাব রাখা হয়েছে। দিনের বেলায় গুটি কয়েক কাভার্ডভ্যান ঢুকতে পারবে। অন্যগুলো নদীর ওপারে রাখতে হবে। যানজট নিরসনে সেখানে আরও কমিউনিটি পুলিশ দেওয়া হবে। আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া যানজট নিরসন করা সম্ভব নয়।