ইসলামবাগে আগুন একই পরিবারের তিনজন নিহত
পুরান ঢাকার ইসলামবাগে গতকাল শনিবার একটি চারতলা বাড়িতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. শামীম (৩৫), তাঁর স্ত্রী সীমা (২৭) ও শামীমের ভাতিজি সালেহা (৩৮)। এ ছাড়া আগুনে হজরত আলী (৩৫) নামের একজন দগ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চারতলা ওই বাড়ির নিচতলায় থাকা প্লাস্টিক কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। নিহত শামীম ওই কারখানার মালিক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্র বলেছে, প্লাস্টিক কারখানায় গতকাল বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বাড়িটির ওপরের তিনটি তলায় ও পাশের দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর নিচতলা থেকে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে তিনজনের মৃতদেহ পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কামাল হোসেন বলেন, নিচতলায় পুরোনো প্লাস্টিকের কারখানা ছিল। কারখানাটি চালাতেন শামীম। বিভিন্ন জায়গা থেকে পুরোনো প্লাস্টিক সংগ্রহ করে তিনি কারখানায় রাখতেন। পরিবারসহ দ্বিতীয় তলায় তিনি থাকতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার আগে শামীম দ্বিতীয় তলায় দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। এ সময় ওই তলায় শামীমের স্ত্রী ও ভাতিজি ছিলেন। আগুনের কারণে তাঁরা বাড়ির বাইরে বের হয়ে আসতে পারেননি। দ্বিতীয় তলা থেকে নিচতলায় নামার সিঁড়িতে দগ্ধ হয়ে তাঁরা মারা যান।
ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের কর্মকর্তা বেলাল আহমেদ প্রথম আলোকে বলেন, চারতলা বাড়িটির প্রতি তলায় ছোট ছোট চার থেকে ছয়টি কামরা আছে। নিচতলার বারান্দার সঙ্গে টিনের বেড়া দিয়ে কারখানা তৈরি করা হয়েছিল। সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থও ছিল। রাসায়নিকের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বলন্ত সিগারেটের ফেলে দেওয়া শেষ অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণের পর রাতে নিহত তিনজনের মরদেহ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও পরে সেখান থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইউনিটে চিকিৎসাধীন হজরত আলী সম্পর্কে চিকিৎসক বলেছেন, তাঁর শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে।