ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতির চার নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের মামলায় রাজধানীর ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আলী আক্কাস, সহসভাপতি মো. আমির হোসেন ও সাবেক সভাপতি মো. মকবুল হোসেন খান।
দুদক সূত্র জানায়, মামলার তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য এ চারজনকে তলব করা হয়। দুদকের তলবে তাঁরা সেখানে উপস্থিত হলে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের রমনা থানা হেফাজতে পাঠানো হয়। আজ সোমবার আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে সূত্রটি জানিয়েছে।
গত বছরের ৬ ডিসেম্বর এই চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তের প্রয়োজনে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জনৈক মো. আনোয়ারউল্যাহ খন্দকারের কাছ থেকে দুটি চুক্তিপত্রের মাধ্যমে সমবায় সমিতির অনুকূলে দুই দফায় মোট ৪১ লাখ ১৬ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু চুক্তিপত্র অনুসারে ওই টাকা ফেরত না দিয়ে পুরো টাকাই আত্মসাৎ করেন অভিযুক্ত ব্যক্তিরা।
দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলাটি অনুমোদন দেয় কমিশন।